সাজেকের ২০ গ্রামের শিশু বিদ্যালয়ে যায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম গঙ্গারাম নদীর তীরের ২০ গ্রামে কোনো বিদ্যালয় নেই। ওই সব গ্রামে ছয় শতাধিক শিশু বড় হচ্ছে লেখাপড়া ছাড়াই। গ্রামগুলোর ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানান, ১৯৮৮ সালে পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক পরিস্থিতির কারণে দুর্গম গঙ্গারাম নদীর তীরে আশ্রয় নেন হাজার হাজার মানুষ। তাঁরা তিন পার্বত্য জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে বসতি গড়েছিলেন। ১৯৯৭ সালে শান্তিচুক্তির পর কিছু পরিবার চলে গেলেও অন্তত ২০টি গ্রামের এক হাজারের বেশি পরিবার এখনো সেখানে রয়ে গেছেন। উপজেলা সদর থেকে ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে তাঁরা বসবাস করছেন। এসব গ্রামের ৩০ থেকে ৫০ কিলোমিটারের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। এতে ৬০০ শিশু প্রাথমিক শিক্ষা ছাড়াই বেড়ে উঠছে। গঙ্গারাম নদীর তীরে সংরক্ষিত বন ঘেঁষে গড়ে ওঠা গ্রামগুলোতে সম্প্রতি গিয়ে এমন চিত্র দেখা গেছে।সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসব গ্রামের শিশুরা বন্যপ্রাণী শিকার, বাঁশগাছ সংগ্রহ ও জুমে ফসল বপনের কাজ করে। কেবল শিক্ষা নয়, স্বাস্থ্যসেবা থেকেও এসব গ্রামের বাসিন্দারা বঞ্চিত। গঙ্গারাম নদীর তীরে নচাদারা ঢালা বনে দেখা হয় সুমন চাকমা (১৩) ও আদেক্কে চাকমার(১৬) সঙ্গে। তাঁরা দুজনই বাবার কাছ থেকে শুধু নিজের নামটা লিখতে শিখেছে বলে জানায়।উগলছড়ি গ্রামের সবিনয় চাকমা (১৭) ও ডুলছড়ি গ্রামের নয়ন জ্যোতি চাকমা (১৫) জানায়, তাদের লেখাপড়া করার খুব ইচ্ছে ছিল, কিন্তু গ্রামের ৪০ কিলোমিটারের মধ্যে কোনো বিদ্যালয় না থাকায় পড়া হয়নি। এখন বাধ্য হয়ে বাবা-মায়ের সঙ্গে জুমে কাজ করছে তারা। স্থানীয় ইউপি সদস্য নতুন জয় চাকমা বলেন, গঙ্গারাম নদীর তীরে ২০টিরও বেশি গ্রাম আছে। এসব গ্রাম উপজেলা সদরের ৮০ থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত। বসতি স্থাপনের দীর্ঘ ৩০ বছর পরও সেখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে ওঠেনি। এর মধ্যে লক্ষ্মীছড়ি আলম ডিপোপাড়া এলাকায় একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। সেখান থেকে ওই গ্রামগুলো দূরত্ব কমপক্ষে ৪০ কিলোমিটার। ফলে এসব গ্রামের ছয় শতাধিক শিশু শিক্ষা ছাড়াই বেড়ে উঠছে।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুজিত মিত্র চাকমা বলেন, সাজেকের দুর্গম গ্রামগুলোতে শিক্ষা-দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। কারণ গঙ্গারাম নদীর তীরে সংরক্ষিত বন থাকায় নিয়ম অনুযায়ী সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা যায়নি।