সাড়ে চার বছর ধরে নষ্ট ফটিকছড়ি স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র
ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি সাড়ে চার বছর ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এটি বিকল থাকায় রোগীদের বেশি মূল্যে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্র থেকে এক্স-রে করাতে হচ্ছে। ফলে বিপাকে পড়ছেন দরিদ্র রোগীরা।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, ২০০৫ সালের ৭ জুলাই এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। যান্ত্রিক নানা জটিলতায় এটি স্থাপন করতেই সময় লাগে তিন বছরের বেশি। ২০০৮ সালের ৮ আগস্ট এটি সচল করে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হয়। কিন্তু ২০০৯ সালের প্রথম দিকে এক্স-রে যন্ত্র বিকল হয়ে যায়। ওই সময় এটি মেরামত করে আবার চালু করা হয়। কিন্তু ২০১০ সালের ২৮ জুলাই আবার বিকল হয়ে যায়। এর পর থেকেই আর মেরামত করা হয়নি। বিকল হয়েই পড়ে আছে।
সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, হাসপাতালের এক্স-রে কক্ষটি তালাবদ্ধ। রোগীদের এক্স-রে করাতে ছুটতে হচ্ছে বেসরকারি রোগ নির্ণয়কেন্দ্রে।
কথা হয় রোসাংগিরী গ্রাম থেকে চিকিৎসা নিতে আসা দিনমজুর এরশাদ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘বুকের এক্স-রে করাতে িদয়েছে ডাক্তার। বাইরে থেকে এক্স-রে করাতে লেগেছে ৩৭০ টাকা। হাসপাতালের এক্স-রে যন্ত্রটি চালু থাকলে অর্ধেক টাকায় করা যেত এই এক্স-রে।’
স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ আব্বাস বলেন, এক্স-রে যন্ত্রটি স্থাপনের পর থেকেই কিছুদিন ছাড়া সব সময় বিকল ছিল। দিনের পর দিন এটি নষ্ট পড়ে থাকায় এলাকার কেউ এটির সেবা পায় না।
স্বাস্থ্যকেন্দ্র সূত্র জানায়, এখানে প্রতিদিন গড়ে ১৫ থেকে ২০ জন রোগীর এক্স-রের প্রয়োজন হয়।
জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দেবাশিষ দত্ত বলেন, এক্স-রে যন্ত্রটি মেরামত করে সচল করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবরে ইতিপূর্বে কয়েকবার লেখা হয়েছে। আশা করছি শিগগির মেরামত করে এটি সচল করা হবে।