সাড়ে পাঁচ শ শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র দুজন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফটিকছড়ির খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা এখন সাড়ে পাঁচ শ। কিন্তু পাঠদানে আছেন মাত্র দুজন শিক্ষক। ফলে ব্যাহত হচ্ছে পাঠদান।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ইলিয়াছ মিয়া বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি ৪০ জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক থাকার কথা। সেই হিসাবে আমাদের ৫৪৪ জন শিক্ষার্থীর জন্য অন্তত ১৩ জন শিক্ষক প্রয়োজন। কিন্তু এখানে শিক্ষকের পদ আছে সাতটি। তা–ও কর্মরত আছেন মাত্র দুজন। পাঠদান অব্যাহত রাখতে একজনকে খণ্ডকালীন শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে পরিচালনা কমিটি।
ইলিয়াছ মিয়া জানান, মাত্র তিনজন শিক্ষকের পক্ষে ছয়টি শ্রেণির (শিশু থেকে পঞ্চম শ্রেণি) এত শিশুর পাঠদান চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। তা ছাড়া দাপ্তরিক কাজে উপজেলা সদরে যেতে হলে পরিস্থিতি সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ে।
বিদ্যালয় সূত্র জানায়, শিক্ষক সংকটের কারণে বিদ্যালয়ে ছাত্রছাত্রী কমে যাচ্ছে। গত বছর ছিল ৬০০ জন শিক্ষার্থী। এ বছর শিক্ষার্থীর সংখ্যা কমে দঁাড়িয়েছে ৫৪৪ জনে। অভিভাবকেরা এলাকার বেসরকারি মক্তব, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে ছেলেমেয়েদের ভর্তি করাচ্ছেন।
গত সোমবার বেলা ১১টায় সরেজমিনে বিদ্যালয়ে গেলে দেখা যায়, শিশু, প্রথম ও দ্বিতীয় শ্রেণির পাঠদান চলছে। পাঠদান করাচ্ছেন একমাত্র শিক্ষক মিনা আকতার। িতনি তখন প্রথম শ্রেণিতে পাঠদান করাচ্ছেন। এ সময় অন্য দুই ক্লাসের শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করে সময় কাটাচ্ছে।
শিক্ষক মিনা আকতার বলেন, ‘প্রতিদিন সকাল সোয়া নয়টা থেকে বিকেল সোয়া চারটা পর্যন্ত ক্লাস নিতে হয়। এভাবে টানা ক্লাস নিতে গিয়ে হঁাপিয়ে উঠছি।’ তিনি জানান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গত ২৪ এপ্রিল থেকে ২১ দিনের একটি প্রশিক্ষণ কর্মশালায় আছেন। খণ্ডকালীন শিক্ষক আছেন ছুটিতে। ফলে তিনি একা পাঠদান করাচ্ছেন।
বিদ্যালয় সূত্র জানায়, ১৮৯২ সালে উপজেলার নানুপুর ইউনিয়নের দুর্গম এলাকা খিরাম দৌলত মুন্সিরহাটসংলগ্ন ৩৯ শতক জায়গার ওপর খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। শুরু থেকেই এখানে শিক্ষার্থী ভর্তির হার ছিল সন্তোষজনক। বর্তমানে শিশু শ্রেণিতে ৩২, প্রথম শ্রেণিতে ৫৬, দ্বিতীয় শ্রেণিতে ৭৬, তৃতীয় শ্রেণিতে ৯৯, চতুর্থ শ্রেণিতে ১২৬ ও পঞ্চম শ্রেণিতে ১৫৫ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ছাত্র ২৭৪ ও ছাত্রী ২৭০ জন। শিশু ও প্রথম শ্রেণি ছাড়া অন্য সব শ্রেণিতেই একাধিক শাখা রয়েছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইসহাক বলেন, শিক্ষার্থী অনুপাতে শিক্ষক না থাকায় পাঠদান ব্যাহত হচ্ছে। বিষয়টি বহুবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হয়েছে। লিখিতভাবে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে। কিন্তু কাজ হচ্ছে না। বিদ্যালয়ে দ্রুত পর্যাপ্ত শিক্ষক নিয়োগ দেওয়া দরকার।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ নাসির উদ্দিন বলেন, বিদ্যালয়টি দুর্গম হওয়ায় সেখানে নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা তদবির করে অন্যত্র বদলি হয়ে চলে যান। এ ছাড়া নতুন পদ সৃষ্টির বিষয়টি সময়সাপেক্ষ। তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে আপাতত দু-একজন শিক্ষক সংযুক্ত (প্রেষণে) করবেন বলে জানান। এ ব্যাপারে জানতে চাইলে মুঠোফোনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা বলেন, ‘বিষয়টি প্রথম শুনলাম। এর আগে আমাকে কেউ বিষয়টি জানাননি। উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে দ্রুত সেখানে শিক্ষক নিয়োগ দেওয়ার চেষ্টা করব।’