তিন পার্বত্য জেলা ও দেশের মধ্যে সামগ্রিকভাবে সবচেয়ে অনগ্রসর পার্বত্য বান্দরবানে বর্তমানে সাড়ে ২২ শতাংশ মানুষ সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। ব্যবহারকারীদের প্রায় সবাই দুর্গম পাহাড়ি জনপদের বাসিন্দা।
জেলার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, পার্বত্য শান্তি চুক্তির পর সরকারি-বেসরকারিভাবে নানামুখী উন্নয়নের কারণে জেলার বাসিন্দাদের জীবনমানে অনেক পরিবর্তন হয়েছে। এতে মানুষের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ অপরিহার্য হয়ে উঠেছে। এ জন্য দুর্গম এলাকায় যেখানে সরকারিভাবে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হচ্ছে না সেখানে মানুষ নিজেদের চাহিদা পূরণে সৌরশক্তি ব্যবহার করছে।
২০০৬ সাল থেকে সৌরবিদ্যুৎ ব্যবহার করছেন থানচির চান্দাকপাড়ার নুমংপ্রু মারমা। তিনি বলেন, সৌরবিদ্যুতের কারণে মানুষের জীবনযাত্রায় অনেক পরিবর্তন হয়েছে। ছেলেমেয়েদের লেখাপড়া সহজ হয়েছে। টেলিভিশনের মাধ্যমে মানুষ বিনোদন পাচ্ছে। এতে মানুষের দৃষ্টিভঙ্গিও বদলে গেছে। তাঁদের পাড়ার ৮০ শতাংশ ও থানচি হেডম্যানপাড়ার ৯০ শতাংশ পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করে।
থানচির সাংবাদিক অনুপম মারমা বলেন, থানচি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ না থাকায় আর্থিকভাবে সচ্ছল সবাই সৌরবিদ্যুতের ওপর নির্ভরশীল। উপজেলার ৫০ শতাংশেরও বেশি পরিবার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে। ব্যবহারকারীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। তিনি আরও বলেন, মানুষের জীবনমানের অনেক অগ্রগতি হয়েছে। সৌরবিদ্যুৎ সমাজে গতি এনেছে। সঠিক দিকনির্দেশনা ও সামাজিক নিরাপত্তা পেলে মানুষের ইতিবাচক পরিবর্তন আরও দ্রুত হবে বলে তিনি মন্তব্য করেন।
বান্দরবানে সবচেয়ে বেশি সৌর প্যানেল বিপণনকারী প্রতিষ্ঠান গ্রামীণ শক্তির আঞ্চলিক ব্যবস্থাপক রূপক চাকমা বলেন, ২০০৭ সাল থেকে চলতি বছরের অক্টোবর পর্যন্ত ১৩ হাজার ৯৮ গ্রাহক কিস্তিতে সৌর প্যানেল কিনেছেন।
গ্রামীণ শক্তি ছাড়া আরও কয়েকটির প্রতিষ্ঠানও সৌর প্যানেল বিপণন করছে। এ ছাড়া আরও অনেক বেসরকারি সংস্থা তাদের উপকারভোগীদের কাছে সৌর প্যানেল সরবরাহ করছে।
গ্রামীণ শক্তির কর্মকর্তা রূপক চাকমা আরও বলেন, তাঁদের জরিপ অনুযায়ী জেলার সাতটি উপজেলায় প্রায় চার লাখ মানুষের মধ্যে সৌরশক্তি ব্যবহারকারীর সংখ্যা ৯০ হাজার বা ১৮ হাজার পরিবারের বেশি।