সাত কোটি টাকার বায়ুবিদ্যুৎকেন্দ্র উৎপাদনে ছিল মাত্র দুমাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে স্থাপিত দেশের প্রথম বায়ুবিদ্যুৎকেন্দ্রটি পাঁচ বছর ধরে অচল। সাত কোটি টাকা ব্যয়ে নির্মিত বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলকভাবে উৎপাদন করেছিল মাত্র দুমাস। এরপর অজ্ঞাত কারণে এটি বন্ধ হয়ে যায়। আর চালুর উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমানে রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কোটি টাকার যন্ত্রপাতি। সরেজমিনে দেখা যায়, বর্তমানে বিদ্যুৎকেন্দ্রটি অরক্ষিত অবস্থায় পড়ে আছে। টাওয়ার ও অন্যান্য যন্ত্রাংশে ইতিমধ্যে মরচে ধরেছে। এটি দেখারও এখন কেউ নেই। শুরুতে কেন্দ্র এলাকায় একজন ভারতীয় টেকনিশিয়ান ছিলেন। এখন তিনিও নেই। এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রটি সাধারণের নাগালের বাইরে রাখার জন্য কোনো সীমানাপ্রাচীর বা প্রতিবন্ধকতা নেই। সূত্র জানায়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২০০৪-০৫ অর্থবছরে সাত কোটি টাকা ব্যয়ে ২২৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন চারটি ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর পরিপ্রেক্ষিতে ২০০৪ সালের ২৩ জানুয়ারি ভারতের নেভ্যুলা টেকনো সল্যুশনস লিমিটেডের সঙ্গে এ প্রকল্প বাস্তবায়নে একটি চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী প্রকল্পের ৫০ মিটার টাওয়ার, জেনারেটর, কন্ট্রোল প্যানেল, সাব স্টেশন, ব্লেড, মেচিং গিয়ার ইলিমেন্ট ভারত থেকে সরবরাহ করা হয়। প্রায় ৫০ মিটার উঁচু টাওয়ারের মাথায় স্থাপিত একেকটি পাখার ওজন প্রায় দেড় টন। সোনাগাজীতে মুহুরী বাঁধের পাশে থাক খোয়াজের লামছি মৌজায় বিদ্যুৎকেন্দ্রটি স্থাপন করা হয়। ২০০৫ সালের ফেব্রুয়ারির মধ্যে বিদ্যুৎকেন্দ্রের টাওয়ার নির্মাণের কাজ শেষ হয়। এটি চালানোর জন্য পল্লী বিদ্যুৎ সমিতি থেকে একটি সংযোগও নেওয়া হয়।বিদ্যুৎ সঞ্চালনের জন্য স্থাপন করা হয় টু ওয়ে মিটার। ২০০৫ সালের সেপ্টেম্বর থেকে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। ২০০৬ সালের শুরুতে উৎপাদিত বিদ্যুৎ বিক্রির জন্য ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সঙ্গে একটি চুক্তিও সই হয় এবং যে অল্প সময় ওই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে তা ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির ১১ কেভির লাইনেই যুক্ত হয়। স্থানীয় বাসিন্দা শেখ আনোয়ার বলেন, বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণের সময় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়। তাঁদের ধারণা ছিল এ কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ এলাকার লোকজন ব্যবহার করতে পারবে। কিন্তু কেন্দ্রটি বন্ধ হয়ে যাওয়ায় মানুষের মধ্যে হতাশা দেখা দেয়।জানা যায়, ২০০৫ সালের ৩ আগস্ট আবদুল আলীমের নেতৃত্বে তৎকালীন ১০ সদস্যের একটি সংসদীয় দল বিদ্যুৎকেন্দ্রটি পরিদর্শন করেন। কিন্তু এরপর আর কোনো তৎপরতা নেই। এটি বাণিজ্যিক ভিত্তিতে পরিচালনার কথা থাকলেও বেশিদূর এগোতে পারেনি। ২০০৫-০৬ অর্থবছরে অল্প কিছুদিন চলার পর নানা অজুহাতে বিদ্যুৎকেন্দ্রটি বন্ধ হয়ে যায়। এ সময়ে উৎপাদিত বিদ্যুৎ ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির কাছে সরবরাহ করা হয়। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি ওই কেন্দ্র থেকে প্রাপ্ত বিদ্যুতের বিলও পরিশোধ করেছিল। কিন্তু গত পাঁচ বছর এ কেন্দ্রটি অযত্ন-অবহেলায় ও পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। কেন্দ্রটি বন্ধ হওয়ার পর কিছু যন্ত্রাংশ চুরির অভিযোগে সোনাগাজী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। এরপর থেকে বিদ্যুৎকেন্দ্রটি নিয়ে কারও কোনো মাথাব্যথা নেই।ফেনীর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, সোনাগাজীর বায়ুবিদ্যুৎকেন্দ্রটি ঢাকার প্রধান কার্যালয়ের একটি প্রকল্প ছিল। এটির সফল বাস্তবায়ন শেষে ফেনী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করার কথা ছিল। কিন্তু কেন্দ্রটি ফেনী পিডিবির কাছে হস্তান্তর করা হয়নি। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো লোকজনও সেখানে নেই। ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জিএম) মো. সায়রুল ইসলাম প্রথম আলোকে জানান, ‘বিদ্যুৎকেন্দ্রটি কিছুদিন পরীক্ষামূলক চলেছিল বলে শুনেছি।’ এর চেয়ে বেশি তথ্য তাঁর জানা নেই বলে জানান।