সাত কোটি টাকার সেচ প্রকল্পটি সেচের কাজে আসছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চন্দনাইশের দোহাজারী লালুটিয়া সেচ প্রকল্প কৃষকের কোনো কাজে আসছে না। পাঁচ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় আছে সাত কোটি টাকার প্রকল্পটি। সেচ দিতে না পারায় চলতি বোরো মৌসুমে প্রায় ২০০ হেক্টর জমিতে চাষ না হওয়ার আশঙ্কা চাষিদের। এটি চালু হলে ৭০০ হেক্টর জমিতে বোরো চাষ হতো বলে জানান সংশ্লিষ্টরা। সরেজমিনে দেখা যায়, প্রকল্পের ১২টি বৈদ্যুতিক মোটর অকেজো পড়ে আছে। পানি তোলার জন্য একটি মোটরও চালু নেই। কৃষকেরা জানান, পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা সময়মতো পানি সরবরাহের নিশ্চয়তা দিয়ে বীজতলা তৈরির কথা বলেছিলেন। এখন চারা রোপণের সময়। ২১-২৯ দিনের মধ্যে বীজতলার চারা রোপণ করতে হয়। দোহাজারী এলাকার কৃষক রফিক আহমদ, আহমদ ছফা, আনু মিয়া, সিরাজ মিয়া ও আবদুল মোনাফ বলেন, সাধারণ মানুষের জমি হুকুমদখল করে যে লক্ষ্যে প্রকল্পটি চালু করা হয়েছিল তা পূরণ হয়নি। সূত্র জানায়, পানি উন্নয়ন বোর্ড ১৯৯৫ সালে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে লালুটিয়া সেচ প্রকল্প চালু করে। এক বছর যেতে না যেতেই শঙ্খের পাহাড়ি ঢলে পলি জমে পানি সংরক্ষণের কূপ ভরাট হয়ে যায়। ২০০১-০৩ সালে ৩০ লাখ টাকা ব্যয়ে এটি তিন বার খনন করা হলেও ২০০৪ সালে কূপটি আবার ভরাট হয়ে যায়। এরপর আর সংস্কার করা হয়নি। প্রকল্পের ১২টি সেচযন্ত্র গুদামে পাঁচ বছর ফেলে রাখা হয়েছে। এতে মরিচা ধরে যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। লালুটিয়া সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ কমিটির সভাপতি আয়ুব আলী জানান, ‘কর্তৃপক্ষ আপাতত দুটি মোটর মেরামত করে পানি দেওয়া শুরু করার কথা বলেছিল। কিন্তু এখনো তা হয়নি।’তিনি আরও জানান, ‘ভাড়ায় মোটর এনে পানিসেচের অনুমতি চেয়েছি আমরা। পানি উন্নয়ন বোর্ড তা-ও দিচ্ছে না। সেচ প্রকল্পে বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) লাইন থেকে বিদ্যুত্সংযোগ দেওয়া জরুরি।’ পাউবোর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ গিয়াস উদ্দীন সব মোটর নষ্ট থাকার কথা স্বীকার করে জানান, ‘এগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হয়েছে। টাকা বরাদ্দ না আসায় মেরামত করা সম্ভব হচ্ছে না।’