খাগড়াছড়িতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশে আসার পথে লোকজনকে বাধা দেওয়ার অভিযোগে আঞ্চলিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা-কর্মীদের বিরুদ্ধে জেলার সাতটি থানায় ১৬টি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, খাগড়াছড়ি সদর থানায় পাঁচটি, দীঘিনালায় চারটি, পানছড়ি ও গুইমারায় দুইটি করে এবং মহালছড়ি, লক্ষ্মীছড়ি ও মাটিরাঙা থানায় একটি করে মামলা দায়ের করা হয়েছে। ইউপিডিএফের জেলা ও স্থানীয় পর্যায়ের প্রায় দেড় শ নেতা-কর্মীর নাম উল্লেখ করে পাঁচ শতাধিক অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে মামলায়। ক্ষতিগ্রস্ত কয়েকজন ছাড়া বেশির ভাগ মামলার বাদী পুলিশ।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, ১১ নভেম্বর সংঘটিত ঘটনার পরিপ্রেক্ষিতে ইউপিডিএফ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এখন আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ প্রসঙ্গে ইউপিডিএফের তথ্য ও প্রচার শাখার সদস্য নিরণ চাকমা মুঠোফোনে বলেন, ‘পুলিশ উদ্দেশ্যমূলকভাবে ও হয়রানির উদ্দেশে ইউপিডিএফ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করেছে। যাঁদের বিরুদ্ধে মামলা হয়েছে তাঁরা সে সময় এলাকায়ও ছিলেন না।’ তিনি মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, ১১ নভেম্বর আওয়ামী লীগ খাগড়াছড়িতে জনসভা করে। এতে প্রধান অতিথির ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ৯ ও ১০ নভেম্বর ইউপিডিএফ-সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ তাদের নির্ধারিত কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলন করতে স্থানীয় প্রশাসনের অনুমতি চায়। প্রশাসন অনুমতি না দিলে ১১ নভেম্বর সকাল-সন্ধ্যা খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধের ডাক দেওয়া হয়। কিন্তু পরে প্রশাসন অনুমতি দিলেও তারা আর সম্মেলন করেনি, অবরোধ অব্যাহত রাখে। পাহাড়ি ছাত্র পরিষদের কর্মীরা অবরোধের দিন বিভিন্ন সড়কে গাছ কেটে ও বেইলি সেতুর পাতাটন খুলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।