কক্সবাজার সরকারি মহিলা কলেজের এক হাজার ছাত্রী মানববন্ধন ও স্মারকলিপি দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। দাবির মধ্যে রয়েছে—সম্মান (অনার্স) কোর্স চালুসহ পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা, দ্রুত বাণিজ্য বিভাগ চালু, শিক্ষকসংকট নিরসন ও নতুন পদ সৃষ্টি এবং ছাত্রীদের আবাসন সমস্যা দূর করা। ছাত্রীরা জানান, সর্বশেষ গত ১৩ মার্চ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দেড় ঘণ্টার মানববন্ধন কর্মসূচির মাধ্যমে ছাত্রীরা কলেজের নানা সমস্যার কথা তুলে ধরেন। সমস্যা সমাধানের দাবিতে অধ্যয়নরত ছাত্রীদের নিয়ে গঠিত ‘পূর্ণাঙ্গ ডিগ্রি কলেজ বাস্তবায়ন কমিটি’ মানববন্ধনের আগেও নানা কর্মসূচি পালন করে। এ সময় কমিটি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সাত দফা বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি দেয়। কমিটির আহ্বায়ক কোহিনুর সিকদার জানান, ‘শিক্ষকসংকটের কারণে কলেজের ছাত্রীদের লেখাপড়া ব্যাহত হচ্ছে। বাণিজ্য বিভাগ না থাকায় মাধ্যমিকে (এসএসসি) বাণিজ্য বিভাগে পাস করা অনেক ছাত্রীকে মানবিকে পড়তে হচ্ছে। উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকলেও স্নাতকে (ডিগ্রি) নেই। কলেজে মাত্র ১২ জন শিক্ষক রয়েছেন। ইংরেজি, গণিতসহ চারটি বিভাগে শিক্ষক নেই কয়েক বছর ধরে।’ ছাত্রীরা জানান, মানববন্ধন চলার সময় জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন। তিনি ছাত্রীদের আশ্বস্ত করে বলেন, ‘কক্সবাজার সফরে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অগ্রাধিকার ভিত্তিতে মহিলা কলেজের সমস্যার কথা তুলে ধরা হবে।’ কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী জানান, ‘কলেজটি ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত ও ১৯৯৭ সালে জাতীয়করণ করা হয়। কিন্তু শিক্ষকসংকট নিরসন ও বাণিজ্য বিভাগ চালুর জন্য কলেজের পক্ষ থেকে সম্প্রতি একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে। প্রস্তাবটি উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সুনির্দিষ্ট সুপারিশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। মন্ত্রণালয় এটির অনুমোদন দিলে কলেজটি পূর্ণতা পাবে। তখন কলেজে আরও ৫২ শিক্ষকের পদ সৃষ্টি হবে। তখন বাণিজ্য বিভাগও চালু করা সম্ভব হবে।’