কক্সবাজারের পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের দুই শিক্ষক ও এক প্রদর্শককে পিটিয়ে আহত করার ঘটনায় গঠিত তদন্ত কমিটি এক মাসেও প্রতিবেদন জমা করতে পারেনি। অথচ তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা ছিল সাত দিনের মধ্যে। গত ৯ নভেম্বর এ তদন্ত কমিটি গঠিত হয়।
কলেজ সূত্র জানায়, ৬ নভেম্বর পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের ১০ থেকে ১৫ জন উচ্ছৃঙ্খল শিক্ষার্থী ইংরেজি বিভাগের প্রভাষক মোহাম্মদ আলম, খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ বশির ও জীববিজ্ঞানের প্রদর্শক এনামুল হককে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় তাঁরা কলেজের অফিস এবং ছাত্রাবাসের দুটি কক্ষও ভাঙচুর করেন। ৭ নভেম্বর কলেজ কর্তৃপক্ষ অভিযুক্ত নয় শিক্ষার্থী মো. সালাহউদ্দিন, মিনার হোসেন, ইব্রাহীম খলিল, রেজাউল করিম, খোরশেদ আলম, আবদুর রহমান, আরিফুল ইসলাম, শাহাদাত হোছাইন ও জয়নাল আবেদীনকে সাময়িক বহিষ্কার করে। এ ছাড়া অভিযুক্ত নয় শিক্ষার্থীর বিরুদ্ধে কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমান বাদী হয়ে পেকুয়া থানায় মামলা করেন।
হামলায় আহত জীববিজ্ঞান বিভাগের প্রদর্শক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘হামলাকারী শিক্ষার্থীরা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরছে। পুলিশও তাঁদের ধরছে না। এতে ভীতির মধ্যেই কলেজে আসা–যাওয়া করছি।’ তবে তদন্ত প্রতিবেদন নিয়ে কথা বলতে রাজি হননি তিনি।
৯ নভেম্বর কলেজ পরিচালনা কমিটির সঙ্গে উপজেলা প্রশাসন, পুলিশ ও রাজনৈতিক নেতাদের বৈঠক হয়। ওই বৈঠকেই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমানকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য উম্মে কুলসুম, পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম, পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহ, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম মাহবুব সিদ্দিকী, কলেজ পরিচালনা কমিটির সদস্য জাকের হোসেন ও শিক্ষক আহমেদ আজম খান।
জানতে চাইলে তদন্ত কমিটির সদস্য উম্মে কুলসুম প্রথম আলোকে বলেন, ‘আমার উপস্থিতিতে দুবার কমিটির সভা হয়েছিল। এরপর জেলা পরিষদ নির্বাচন সামনে আসায় আমি বসতে পারিনি।’
পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজের অধ্যক্ষ ওবায়দুর রহমানও তদন্ত প্রতিবেদন নিয়ে কোনো কথা বলতে রাজি হননি। তবে তিনি বলেন, জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে দ্রুত স্থায়ী একটি সিদ্ধান্তে পৌঁছানো দরকার। তদন্ত প্রতিবেদন ছাড়া আমরা এগোতে পারছি না।’
জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, ‘প্রতিবেদন তৈরি করা আসলেই সময়সাপেক্ষ ব্যাপার। আমরা কয়েক দিনের মধ্যে প্রতিবেদন দিয়ে দেব।’ এর মধ্যে সময়ের আবেদন করা হয়েছে কি না জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি।
এদিকে মামলার অগ্রগতি সম্পর্কে তদন্তকারী কর্মকর্তা ও পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার প্রথম আলোকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন এখনো হাতে পাইনি। সেটা পেলেই আমরা অগ্রসর হব। আর জড়িত শিক্ষার্থীদের প্রকাশ্যে ঘোরার ব্যাপারে পুলিশ অবগত নয়। তারপরও শিক্ষকেরা জানালে যথাযথ ব্যবস্থা নেব। পুলিশ তো আসামিদের হন্যে হয়ে খুঁজছে।’