বিকল্প ব্যবস্থা না করে নগরের সাতটি ফিশারি ঘাট বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে জেলে, আড়তদার ও মাছ ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দরের উদ্যোগে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজের জন্য বছর খানেক আগে থেকে এসব ঘাট বন্ধ করে দেওয়া হয়। ঘাটগুলো হচ্ছে ফিশারিঘাট, ব্রিজঘাট, অভয়মিত্র ঘাট, ইয়াকুবনগর, চাক্তাইঘাট, জেলেপাড়া ঘাট ও লইট্টাঘাট। মাছ ব্যবসায়ীরা জানান, চট্টগ্রামে সাগরের মাছ অবতরণের অন্যতম বেসরকারি কেন্দ্র ইকবাল সড়কের ফিশারিঘাট। সাগরের মাছ ছাড়াও মিয়ানমার ও ভারত থেকে আসা মিঠা পানির মাছের ছোটবড় ৮২টি আড়তও রয়েছে এ ঘাটের আশপাশের এলাকায়। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন বাজারে মাছ সরবরাহ করা হয় এখান থেকে। এসব ঘাটকে ঘিরে আশপাশের বিস্তীর্ণ এলাকা সরব ছিল মাছ ধরার নৌযান ও জেলেদের পদচারণায়।এক পরিসংখ্যানে জানা যায়, ২০১০-১১ সালে এসব আড়ত থেকে মাছ সরবরাহ খাতে সরকারের ৫০০ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে।সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের উদ্যোগ নিলে বছর খানেক আগে থেকে এসব ঘাট বন্ধ করে দেওয়া হয়। ফলে মাছ ধরার নৌযান থেকে মাছ তুলতে হচ্ছে নদীর ওপারে শিকলবাহা এলাকায়। পরে সেখান থেকে মাছগুলো পিক-আপে করে ফিশারিঘাট খ্যাত মাছের বাজারে আনা হয়। এতে আড়তে মাছ আনতে সময় ও অর্থ অপচয় হচ্ছে। তবে প্রকল্প এলাকায় এখনো অনেক জেলে ঘাটের বাইরে নৌযান ভিড়িয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় মাছ তুলে আড়তে সরবরাহ দিচ্ছেন। গত শুক্রবার ফিশারিঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ঘাটের বাইরে নদীর পার ঘেঁষে শত শত মাছ ধরার নৌযান নোঙর করা আছে। সেখান থেকে জেলেরা কাদা মাড়িয়ে পিক-আপে মাছ তুলছেন ঝুঁকি নিয়ে। এ সময় কথা হয় চার নম্বর ঘাটের তদারকিতে নিয়োজিত ঘাটমাঝি মিজানুর রহমানের সঙ্গে। তিনি জানান, ঘাট বন্ধ থাকায় এখান থেকে অনেক কষ্টে নদীর পারে মাছ নিয়ে পিক-আপে তুলতে হয়। এখন শুকনা মৌসুম হওয়ায় কোনো রকমে মাছ তোলা সম্ভব হলেও সামনে ইলিশের ভরা মৌসুম তথা জোয়ারের সময় মাছ নিরাপদে তুলে আনা কঠিন হবে।নদীর ওপারে শিকলবাহা এলাকায় গিয়ে দেখা যায়, বোট থেকে মাছ নামিয়ে পিকআপে তুলছেন জেলেরা। এঁদেরই একজন মনু মিয়া জানালেন, ‘ঘাট না থাকায় বিকল্প হিসেবেই এদিক দিয়ে মাছ তোলা হচ্ছে। এতে আমাদের সময় ও খরচ দুটোই বেড়েছে। ’ফিশারি ঘাট মালিক সমিতির সভাপতি মো. আলী জানান, ‘ঘাটের সমস্যার কথা আমরা প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জানিয়েছি।’ এ ব্যাপারে চট্টগ্রাম বন্দরের ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের পরিচালক খাদেমুল বাশার প্রথম আলোকে বলেন, ‘আমরা কর্ণফুলী নদীর নাব্যতা বাড়ানো ও নগরের জলাবদ্ধতা নিরসনের জন্য এ এলাকার খালগুলো খনন করছি। আগামী জুলাই-আগস্টের দিকে কয়েকটি খালের কাজ শেষ হলে কিছু ঘাট এলাকা ব্যবহারের সুযোগ দিতে পারব বলে আশা করছি। এর আগে গরিব জেলেদের কথা ভেবে আমি প্রকল্প এলাকায় দু-একটি জেলে নৌকা ভেড়ার সুযোগ দিতে বলেছি। কিন্তু দেখা গেল দলবেঁধে অনেক নৌকা ভিড়ছে এবং সেখানে চেয়ার, টেবিল বিছিয়ে কিছু লোক টোল আদায় শুরু করে দিয়েছে। এ অবস্থায় প্রকল্প কাজে জটিলতা দেখা দেওয়ায় ঠিকাদারের পরামর্শে ঘাট এলাকায় জেলে নৌকা চলাচল বন্ধ করে দিতে হয়।’ তিনি জানান, আগামী ডিসেম্বরের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ হবে।