সাত বছর ধরে অব্যবহূত কাপ্তাই স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি দীর্ঘ সাত বছর ধরে একটি কক্ষে তালাবদ্ধ অবস্থায় ফেলে রাখা হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুতের অভাবে এটি ব্যবহার করা যাচ্ছে না। এ অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকেরা রোগীদের প্রয়োজনে দূরে কোথাও গিয়ে এক্স-রে করার জন্য রোগীদের পরামর্শ দিচ্ছেন। এতে আর্থিক ক্ষতিসহ দুর্ভোগের শিকার হচ্ছেন রোগীরা। কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মোমেন জানান, এলাকার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ২০০৪ সালে ৩০০ এমএম ক্ষমতাসম্পন্ন এক্স-রে যন্ত্রটি সরবরাহ করা হয়। বাংলাদেশের অনেক উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেই এ রকম উন্নতমানের এক্স-রে যন্ত্র নেই। এটি বসানোর জন্য শীততাপ নিয়ন্ত্রিত পৃথক কক্ষ তৈরি করা হয়। কিন্তু বিদ্যুতের অভাবে সাত বছরে একবারের জন্যও এক্স-রে যন্ত্রটি চালু করে দেখা সম্ভব হয়নি। ফলে এটি চালানোর জন্য নিয়োগ করা অপারেটর অলস সময় কাটাচ্ছেন। ১৮ অক্টোবর স্বাস্থ্যকেন্দ্রের তালাবদ্ধ এক্স-রে কক্ষটিতে দেখা গেছে, দীর্ঘদিন ধরে অব্যবহূত থাকায় যন্ত্রের বিভিন্ন জায়গায় মরিচা ধরেছে। শীততাপ যন্ত্রটি জড়িয়ে আছে ধূলা আর মাকড়সার জালে। কক্ষের অন্য যন্ত্রপাতিগুলোর অধিকাংশই নষ্ট হয়ে গেছে। আবাসিক চিকিৎসক মো. মাসুদ আলম বলেন, ‘চিকিৎসার সুবিধার জন্য অনেক রোগীর এক্স-রে করার প্রয়োজন হয়। তাদের আমরা বাইরে থেকে নিজ খরচে এক্স-রে করার পরামর্শ দিই। কেউ কেউ এক্স-রে করিয়ে আনেন আবার কেউ কেউ আর্থিক অনটনের কারণে করাতে পারেন না।’ এদিকে, এক্স-রে যন্ত্র চালু না হওয়ায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে আসা বিলকিস আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কাপ্তাইয়ে উৎপাদিত বিদ্যুৎ সারা দেশে সরবরাহ করা হচ্ছে, আর সেই বিদ্যুতের অভাবে এখানকার স্বাস্থ্যকেন্দ্রের এক্স-রে যন্ত্রটি চালু করা যাচ্ছে না—এটা অবিশ্বাস্য ঘটনা।’সূত্র জানায়, এক্স-রে যন্ত্রটি চালানোর জন্য ১০০ ভোল্টের বিদ্যুৎ দরকার। কিন্তু স্বাস্থ্যকেন্দ্র এলাকায় বর্তমানে সঞ্চালিত হচ্ছে ১১ দশমিক ৪ ভোল্টের বিদ্যুৎ। লো-ভোল্টেজের কারণে এক্স-রে যন্ত্র চালানো যাচ্ছে না। বিষয়টি কাপ্তাই উপজেলার মাসিক উন্নয়ন সমন্বয় সভায় একাধিকবার আলোচিত হয়েছে বলেও সূত্র জানায়। এ ব্যাপারে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাজেরা খাতুন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিদ্যুৎ কার্যালয়ে চিঠি দিয়ে এক্স-রে যন্ত্র চালু করার প্রয়োজনীয় উদ্যোগ নিতে অনুরোধ করা হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।স্থানীয় বিদ্যুৎ কার্যালয়ের আবাসিক প্রকৌশলী মো. মোশাররফ হোসাইন বলেন, ‘চাহিদানুযায়ী বিদ্যুৎ পেতে হলে চিকিৎসাকেন্দ্র এলাকায় পৃথক ট্রান্সমিটার বসানো প্রয়োজন। স্বাস্থ্যকেন্দ্র কর্তৃপক্ষ ট্রান্সমিটার এনে দিলে বিদ্যুৎ বিভাগের কর্মীরা সেটি বসিয়ে দেবে।’ বিষয়টি লিখিতভাবে কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে আবাসিক প্রকৌশলী জানান।