সাত বছর ধরে চিকিৎসক নেই দীঘিনালা পরিবার পরিকল্পনা কার্যালয়ে
খাগড়াছড়ির দীঘিনালায় সাত বছর ধরে পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসক (এমসিএইচএফপি) পদটি শূন্য রয়েছে। এর ফলে ভোগান্তি পোহাতে হচ্ছে প্রসূতি নারীদের। চিকিৎসক না থাকায় প্রসূতিসেবা, বন্ধ্যাকরণ, গর্ভকালীন সেবা ও শিশু স্বাস্থ্যসেবা সম্পূর্ণ বন্ধ রয়েছে। জরুরি প্রসূতিসেবা ও জন্মনিরোধের জন্য স্থায়ী ব্যবস্থা নিতে রোগীদের যেতে হচ্ছে জেলা সদর খাগড়াছড়িতে।
জানা যায়, ২০০৫ সালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তার পদটি শূন্য হলে এ পদে আজ পর্যন্ত কোনো চিকিৎসককে পদায়ন করা হয়নি। এ ছাড়া উপজেলার বোয়ালখালী (সদর) ইউনিয়নের পরিদর্শিকা বীথিকা চাকমা ও বাবুছড়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত প্রতিভা চাকমা তিন বছর ধরে প্রেষণে খাগড়াছড়ি সদরে রয়েছেন। ফলে ইউনিয়নগুলোতে পরিবার পরিকল্পনা সেবা ব্যাহত হচ্ছে।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিটু দেওয়ান বলেন, ‘চিকিৎসক পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। চিকিৎসক পদায়ন হলে আর সমস্যা থাকবে না। এ ছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শিকা দুজন প্রেষণে আছেন। এদের প্রেষণ বাতিল করে কর্মস্থলে পাঠানোর জন্য কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি।’
পরিবার পরিকল্পনা কেন্দ্র সূত্রে জানা যায়, স্থায়ী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি কিংবা জরুরি প্রসূতিসেবা নিতে আসা রোগীদের খাগড়াছড়ি জেলা মা ও শিশু কল্যাণকেন্দ্রে পাঠানো হয়। উপজেলায় মাসে একবার ক্যাম্প করার কথা থাকলেও চিকিৎসক না থাকায় গত চারমাস ক্যাম্প করা সম্ভব হয়নি। পুরুষের ভেসেকটমি, নারীদের টিউবেকটমিসহ জন্মনিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতিগুলো দীঘিনালায় বসে আর নিতে পারছেন না রোগীরা। এই কেন্দ্রে এখন কেবল প্রাথমিক সেবা কার্যক্রম চালু আছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলুল জাহিদ বলেন, ‘আমি এখানে যোগদান করেছি কয়েক দিন আগে। তবে সম্প্রতি মাসিক সমন্বয় সভায় পরিবার পরিকল্পনার সেবার বিষয়ে আলোচনা হয়েছে।
সাধারণ মানুষ যাতে পরিবার পরিকল্পনা সেবা থেকে বঞ্চিত না হয় সে ব্যাপারে দৃষ্টি দেওয়া হচ্ছে। চিকিৎসক পদায়ন ও শূন্য পদে লোকবল নিয়োগের জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হবে।’