সাত বছর ধরে পানির নিচে কোটি টাকার পন্টুন
রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর পানিতে ডুবে যাওয়া কোটি টাকার দুটি পন্টুন গত সাত বছরেও তোলা হয়নি। পন্টুন দুটি ক্রমেই নষ্ট হয়ে যাচ্ছে। এর পরও এগুলো উত্তোলনে কোনো ব্যবস্থা নিচ্ছে না সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। সূত্র জানায়, রাঙামাটি থেকে চন্দ্রঘোনা-রাজস্থলী ও বান্দরবান সড়কে যানবাহন পারাপারের জন্য ২০০১ সালে লিচুবাগানসংলগ্ন কর্ণফুলী নদীতে ফেরি সার্ভিস চালু করে রাঙামাটি পার্বত্য জেলা সওজ বিভাগ। প্রায় ১০০ টন ধারণক্ষমতাসম্পন্ন একটি ফেরি দিয়ে তখন যানবাহন পারাপার শুরু হয়। কিন্তু ২০০৪ সালের মাঝামাঝি সময়ে কাপ্তাই হ্রদের ছেড়ে দেওয়া পানিতে সৃষ্ট বন্যায় পন্টুন দুটি কর্ণফুলী নদীর পানির নিচে তলিয়ে যায়। পরে বন্যার পানি কমে গেলেও পন্টুন দুটি আর উত্তোলন করা হয়নি। সেই থেকে ডুবে আছে পন্টুন দুটি। সরেজমিনে দেখা যায়, ভাটার সময় পন্টুন দুটির একটি সম্পূর্ণ অন্যটির অর্ধেক দেখা যায়। পানিবাহিত শেওলায় পন্টুন দুটির রং সবুজ হয়ে গেছে। মরচে ধরে বিভিন্ন অংশে বড় বড় ছিদ্র সৃষ্টি হয়েছে। স্থানীয় লোহা চোরেরা বিভিন্ন অংশ থেকে নাট-বল্টু খুলে লোহার পাত নিয়ে যাওয়ায় পন্টুন দুটির অবকাঠামো নড়বড়ে হয়ে গেছে। ফেরির খালাসি মো. হাসান জানান, ২০০৪ সালে বন্যার পর নতুন দুটি পন্টুন বসিয়ে সড়কের যানবাহনগুলো কর্ণফুলী নদী পারাপার করা হলেও ডুবে যাওয়া পন্টুন দুটি সাত বছরেও উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়নি। ফেরির ইজারাদার মাহাবুবুর রহমান বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় রাঙামাটি পার্বত্য জেলা সওজ বিভাগ পন্টুন দুটি সংস্কার করে ব্যবহারের উপযোগী করে রাখলে দুর্যোগ মোকাবিলা সহজ হতো। আর পন্টুন দুটি যদি ব্যবহারের অযোগ্যও হয়ে যায় তাহলে কর্ণফুলী নদীতে ফেলে না রেখে স্ক্র্যাপ হিসেবে বিক্রি করে দিলে সরকারের আয় বাড়ত।’ চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার স্ক্র্যাপ ব্যবসায়ী শাহ আলম জানান, বাজারে প্রতিটন স্ক্র্যাপ লোহার দাম ৫২-৫৪ হাজার টাকা। সে হিসাবে ২০০ টন ওজনের পন্টুন দুটির মূল্য এক কোটি টাকারও বেশি হবে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে ফেরির কার্য সহকারী এম এ কামাল বলেন, ‘পন্টুন দুটি পানিতে ডুবে যাওয়ার পর সংস্কারের জন্য রাঙামাটি পার্বত্য জেলা সওজ বিভাগে প্রতিবেদন পাঠানো হয়েছিল। কিন্তু তখন কোনো নির্দেশনা সওজ বিভাগ থেকে পাওয়া যায়নি। বর্তমানে পন্টুন দুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। ফলে নিলামে বিক্রির জন্য পুনরায় প্রতিবেদন পাঠানো হবে। রাঙামাটি পার্বত্য জেলা সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, ‘পন্টুন দুটি সংস্কারের জন্য ঢাকায় ফেরি বিভাগে একাধিকবার প্রতিবেদন দেওয়া হলেও সেখান থেকে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফেরি বিভাগ থেকে মেকানিক্যাল ও ওয়ার্কশপ বিভাগে নির্দেশনা এলে পন্টুন দুটির অবস্থা নিরূপণ করে সংস্কার বা স্ক্র্যাপ হিসেবে বিক্রির উদ্যোগ নেওয়া সম্ভব হতো। তিনি বলেন, ‘পন্টুন দুটি তখন ১০ কোটি টাকায় কেনা হয়। বর্তমানে স্ক্র্যাপ হিসেবেও কোটি টাকার ওপরে বিক্রি করা যাবে।’