সাত বছর ধরে পড়ে আছে ২৫ হাজার ব্লক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর পরশুরামে সাত বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পানি উন্নয়ন বোর্ডের ২৫ হাজার ব্লক। মুহুরী নদীর ভাঙন থেকে দুটি গ্রাম রক্ষা করার জন্য ঠিকাদার নিয়োগ করে এসব ব্লক নির্মাণ করা হয়। কিন্তু ব্লকগুলো এখনো ভাঙন কবলিত এলাকায় বসানো হয়নি। এ নিয়ে স্থানীয় লোকজন পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসককে লিখিতভাবে অবহিত করলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মুহুরী নদীর পশ্চিম অংশে মির্জানগর ইউনিয়ন পরিষদের নিজকালিকাপুর ও ফকিরেরখিল গ্রামের দুই শতাধিক পরিবারকে মুহুরী নদীর ভাঙন থেকে রক্ষার জন্য পানি উন্নয়ন বোর্ড ২০০৫ সালের শুরুতে আট কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। প্রকল্পের আওতায় ২৫ হাজার ব্লক নির্মাণের কাজ পায় ফেনীর শওকত হোসেন নামের এক ঠিকাদার। তবে ব্লক নির্মাণকাজ করেন আরেক ঠিকাদার বেলাল হোসেন। তিনি পরশুরাম পৌর বিএনপির সভাপতি।বেলাল হোসেন জানান, ফকিরের খিল গ্রামে নদীর পাশে তিন সাইজের ২৫ হাজার ব্লক নির্মাণ করা হয়। প্রতিটি ব্লক নির্মাণে খরচ হয়েছে ৫০০ থেকে থেকে ৬০০ টাকা। ২০০৫ সালের ১৪ এপ্রিল ব্লকের নির্মাণকাজ শেষ হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে ব্লক নির্মাণকাজে নিয়োজিত শ্রমিক মো. শাহজাহান (৪৫) বলেন, ‘ব্লকগুলো এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। প্রথম দিকে পাঁচ-ছয় মাস আমরা দেখাশোনা করি। পরে আর সম্ভব হয়নি। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় কিছু ব্লক স্থানীয় লোকজন নিয়ে গেছে।’ পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ঠিকাদার কাজ শেষ করে নির্দিষ্ট সময়ে তাঁর প্রাপ্য অর্থ তুলে নিয়ে যায়। তাঁরা ব্লকগুলো পানি উন্নয়ন বোর্ডের কাছে বুঝিয়ে দেন। এদিকে ব্লক না বসায় মুহুরী নদীর ভাঙন বাড়ছে। ফকিরের খিল গ্রামের বাসিন্দা মো. মোস্তফা (৬৫) জানান, মুহুরী নদীর ভাঙন অব্যাহত থাকায় তাঁর ১০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। একই গ্রামের মো. ইউনুছ মিয়ার পাঁচ একর, আলী আহাম্মদের দুই একরসহ ১০০ পরিবারের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে আরও অনেক ঘরবাড়ি ও ফসলি জমি।নিজকলিকাপুর গ্রামের বাসিন্দা সৈয়দুর রহমান (৬০) বলেন, ‘ভাঙনকবলিত এলাকায় ব্লকগুলো বসানোর জন্য আমরা লিখিতভাবে পানি উন্নয়ন বোর্ডে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসককে জানিয়েছি। কিন্তু কোনো কাজ হয়নি।’ মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘ব্লকগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে দেখে আমি বিষয়টি উপজেলার মাসিক সমন্বয় সভায় উত্থাপন করি। তবে এ ব্লকগুলো বসানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।’এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোত্তালেব বলেন, ‘২৫ হাজার ব্লকের গুণগত মান এখনো ঠিক আছে। জরুরি প্রয়োজনে এগুলো বেড়িবাঁধে বসানোর উদ্যোগ নেওয়া হবে।’