রঙিন পোশাক আর ইচ্ছামতো সাজ। কারও মাথায় টোপর তো কারও মুখে মুখোশ। কেউ আবার প্যাঁ-পো শব্দে মুখর করে তুলছেন আনন্দযাত্রা। প্রতিদিনের পঠন-পাঠনের বাইরে আজকের দিনটি। তাই মনে রাখার মতো করেই উদ্যাপন করলেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিকস ক্লাব স্বপ্ন সারথির সদস্যরা (শিক্ষার্থী)। বলছিলাম ২৫ জানুয়ারি ক্লাবটির সপ্তম বর্ষপূর্তি দিনের কথা।কতটুকু এগিয়েছে সাত বছরে ক্লাবটি? ক্লাবের প্রেসিডেন্ট শাহ মো. ইমরান এ বিষয়ে বলেন, ‘আমরা চেষ্টা করেছি, এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা যেন সৃজনশীল জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে নতুন কিছু আবিষ্কারের পথে এগিয়ে যেতে পারে। তাই আমরা কিছুদিন আগে আয়োজন করেছিলাম জাতীয় পর্যায়ের ইলেকট্রনিকস প্রজেক্টের প্রদর্শনী। এ ছাড়া সেমিনার, বিষয়ভিত্তিক কর্মশালা, শীতার্ত মানুষের মধ্যে গরম কাপড় বিতরণ ইত্যাদি তো আছেই।’ক্লাবের মডারেটর গুরুদাস মণ্ডল বলেন, ‘ক্লাবের কার্যক্রম আমাদের বেশ মুগ্ধ করেছে। ক্লাবের প্রত্যেক শিক্ষার্থীর মধ্যেই দেখেছি সৃজনশীল মনোভাব, যা আমাদের উদ্ভাবনের পথ দেখাবে।’ক্লাবের শিক্ষার্থীরাও এর প্রমাণ দিচ্ছেন। শিক্ষার্থী শাফিনা বিনতে আলম বলেন, ‘মেরিন কেব্লস কিংবা ভূ-উপগ্রহের কার্যক্রম কীভাবে পরিচালিত হচ্ছে, তা দেখার পর থেকে আমার ভেতর নতুন জ্ঞানের সঞ্চয় হয়েছে, যা আমার কাজে লাগছে সর্বদা।’ কেক কাটা, মিষ্টি বিতরণ আর আনন্দ আয়োজন—সবই ছিল জন্মদিনের অনুষ্ঠানে।