সাত বছরে এক দিনও ছুটি নেননি যে শিক্ষক
বিদ্যালয়ে শিক্ষকতা করেন কিন্তু গৃহশিক্ষকতা (প্রাইভেট) করেন না—এমন শিক্ষক সমাজে খুঁজে পাওয়া কঠিন। প্রতিদিন যথাসময়ে শ্রেণীকক্ষে গিয়ে শিক্ষার্থীদের আন্তরিকতার সঙ্গে পড়ান—এমন নিষ্ঠাবান শিক্ষকের সংখ্যা হাতেগোনা। আবার এ রকম কয়েকজন নিষ্ঠাবান শিক্ষকের মধ্যে ছুটির দিনের সময়টাও শিক্ষার্থীদের মেধাবিকাশের পেছনে ব্যয় করেন—এমন শিক্ষকও সমাজে আছেন, এমনটি বিশ্বাস করাও কঠিন। এ ক্ষেত্রে ব্যতিক্রম শিক্ষক নুরুল ইসলাম—যিনি চাকরিজীবনের দীর্ঘ সাত বছরে এক দিনও বিদ্যালয়ে অনুপস্থিত থাকেননি। এমনকি ছুটির দিনেও বাড়তি আয়ের জন্য গৃহশিক্ষকতা না করে, পরিবার-পরিজনকে সময় না দিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ব্যস্ত থেকেছেন। আর তাই তিনি এলাকার মানুষের কাছে খ্যাত হয়ে উঠেছেন আদর্শ শিক্ষক হিসেবে। নুরুল ইসলাম কক্সবাজার সদর উপজেলার ঈদগাহ আদর্শ শিক্ষানিকেতনের সহকারী শিক্ষক। গ্রামের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকেরা নুরুল ইসলামকে নিয়ে অহংকার করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ প্রতিবছর শতভাগ উপস্থিতির জন্য তাঁর গলায় আদর্শ শিক্ষকের সনদ ঝুলিয়ে দেন। অনেকে নানাভাবে পুরস্কৃত করে তাঁকে এগিয়ে চলার সাহস জোগান। স্থানীয় অভিভাবকেরা মনে করেন, সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা নুরুল ইসলামের মতো নিষ্ঠাবান হলে এ দেশের শিক্ষাব্যবস্থার বেহাল দৃশ্যপট দ্রুত বদলে যেত।নুরুল ইসলামের জন্ম ১৯৮২ সালে সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ইউসুফেরখিল গ্রামে। বাবা কবির আহমদ কৃষিকাজের আয় দিয়ে ছেলেকে লেখাপড়া করান। নুরুল ইসলাম কক্সবাজার সরকারি কলেজ থেকে ২০০১ সালে বিএসসি পাস করে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কম্পিউটার প্রশিক্ষণ নেন। ২০০৪ সালের এপ্রিলে ঈদগাহ আদর্শ শিক্ষানিকেতনে সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে যোগ দেন। নুরুল ইসলাম এ বিদ্যালয়ে দশম শ্রেণীতে ইংরেজি, রসায়ন ও কম্পিউটার, নবম শ্রেণীতে কম্পিউটার ও রসায়ন, অষ্টম শ্রেণীতে গণিত এবং সপ্তম শ্রেণীতে ইংরেজি পড়ান। গত ২৩ এপ্রিল এ বিদ্যালয়ে তাঁর চাকরির সাত বছর পূর্ণ হলো।বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী জাহিদ হাসান ও সাবিনা ইয়াছমিন বলেন, ‘নুরুল ইসলাম স্যার বিদ্যালয়ের অন্য সব শিক্ষকের চেয়ে আলাদা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত এ বিদ্যালয়ে পড়ার সময় আমরা স্যারকে এক দিনও অনুপস্থিত দেখিনি। প্রতিদিন তিন কিলোমিটার দূর থেকে হেঁটেই বিদ্যালয়ে আসেন, সবার আগেই হাজির হন। ঘণ্টা পড়ার আগে ঢোকেন শ্রেণীকক্ষে। কোনো বিষয় একবার না বুঝলে বারবার বুঝিয়ে দেন। যেন বাড়িতে গিয়ে কোনো সমস্যা না হয়।’ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নুরুল আমিন হেলালী বলেন, ‘বেসরকারি শিক্ষকেরা বছরে ২০ দিন নৈমিত্তিক ছুটি (সিএল) ভোগ করতে পারেন। সে হিসেবে নুরুল ইসলাম গত সাত বছরে ১২০ দিন নৈমিত্তিক ছুটি ভোগ করতে পারতেন। কিন্তু তিনি সে সুযোগ কাজে লাগাননি। বরং শুক্রবারও বিদ্যালয়ে এসে ছেলেমেয়েদের বিনা পয়সার কম্পিউটারসহ নানা বিষয়ে পাঠদান করেন। তিনি আদর্শ শিক্ষকের খ্যাতি অর্জন করে আমাদের মুখ উজ্জ্বল করছেন।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম আলমগীর বলেন, ‘সাত বছরের চাকরিজীবনে নুরুল ইসলাম নৈমিত্তিক ছুটি নিয়েছেন মাত্র তিন দিন। এমন নজির অন্য কোথাও আছে কি না জানা নেই। এটা অস্বাভাবিক ব্যাপার। সব শিক্ষক তাঁর মতো দায়িত্ববান হলে আমাদের শিক্ষাব্যবস্থার এ দৈন্যদশা দ্রুত কেটে যেত।’ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল হক চৌধুরী বলেন, ‘নুরুল ইসলাম এ জনপদের আলোর দিশারি। নিজের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তিনি ইতিমধ্যে সবার হূদয়ে স্থান করে নিয়েছেন।’এক ছেলে ও এক মেয়ের জনক নুরুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএড শ্রেণীতে পড়াশোনা করছেন।জানতে চাইলে নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খুব বেশি দরকার পড়েছিল বলে সাত বছরে তিনটা দিন শিক্ষার্থীদের কাছ থেকে দূরে ছিলাম। এর মধ্যে একবার নিজের সন্তান আর এক দিন বোনের সন্তান ভূমিষ্ঠ হওয়া উপলক্ষে ছুটি নিতে হয়েছিল। আর শেষের দিনটি সন্তানের অসুস্থতার কারণে হাসপাতালে যেতে হয়েছিল।’প্রসঙ্গত, ২০০৯ সালের ২৯ মে বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘ইত্যাদি’তে হানিফ সংকেত নুরুল ইসলামকে হাজির করে সারা দেশের মানুষের কাছে আদর্শ শিক্ষক হিসেবে পরিচয় করিয়ে দেন। অনুষ্ঠানে হানিফ সংকেত তাঁকে একটি কম্পিউটারও উপহার দেন। ২০০৯ সালে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে কক্সবাজার সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে তিনি বিএসবি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড ২০০৯ লাভ করেন। এ ছাড়া নুরুল ইসলাম প্রতিবছর বিদ্যালয়ের পক্ষ থেকে সর্বোচ্চ উপস্থিতির পুরস্কারসহ অভিভাবকদের কাছ থেকে নানা পুরস্কার ও স্বীকৃতি পেয়ে আসছেন।