সাত বছরেও শেষ হয়নি গাটিয়াডেঙ্গা সেতুর কাজ
সাতকানিয়া উপজেলার ডলুখালের ওপর নির্মাণাধীন গাটিয়াডেঙ্গা সেতুর কাজ দীর্ঘ সাত বছরেও সমাপ্ত হয়নি। এর ফলে ডলুখালের দুই তীরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে দীর্ঘদিন ধরে। জানা যায়, ২০০২-০৩ অর্থবছরে দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন এক কোটি ৭৫ লাখ ৩০ হাজার ৯৭৬ টাকা ব্যয়ে শুরু হওয়া গাটিয়াডেঙ্গা সেতুর কাজ আমলাতান্ত্রিক জটিলতার কারণে অসমাপ্ত রয়ে গেছে। কার্যাদেশ পাওয়ার দুই বছরের মধ্যে সেতুর কাজ সমাপ্ত করার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে সম্পন্ন করেননি সংশ্লিষ্ট ঠিকাদার। জানা গেছে, বারবার নকশা পরিবর্তন ও সড়কের শ্রেণীবিন্যাস জটিলতার কারণে সেতুর কাজ অসমাপ্ত রয়ে গেছে। যথাসময়ে সেতুর যন্ত্রাংশ সরবরাহ ও ইন্টিগ্রিটি পরীক্ষা (সেতুর নিচের মাটি পরীক্ষা) না হওয়াসহ নির্মাণসামগ্রীর দাম বাড়ার কারণ দেখিয়ে সেতুর কাজ অসমাপ্ত রেখে চলে যায় ঠিকাদারি সংস্থা। এ ছাড়া সড়ক ও সেতুর শ্রেণীবিন্যাস নিয়েও তৈরি হয়েছিল জটিলতা। সওজের সঙ্গে স্থানীয় প্রকৌশল বিভাগের টানাপোড়েনের মধ্যে পড়ে সেতুর কাজ বন্ধ হয়ে যায়। সড়ক বিভাগের আওতাধীন গাটিয়াডেঙ্গা সেতু আবার নতুন করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। এর ফলে আবার নতুন করে অসমাপ্ত সেতুর নির্মাণকাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়। এলাকার হেফাজেতুর রহমান বলেন, সেতুর নির্মাণকাজ সমাপ্ত না হওয়ার কারণে দুই তীরের শিক্ষার্থীসহ সাধারণ জনগণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।বর্তমানে সেতুর কাজ শেষ করতে হলে সংযোগ সড়ক নির্মাণ ও ভূমি অধিগ্রহণসহ সর্বমোট তিন কোটি ৩০ লাখ টাকা দরকার বলে জানা যায়। এ ব্যাপারে দোহাজারী সওজের নির্বাহী প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম জানান, গাটিয়াডেঙ্গা সেতুর অসমাপ্ত কাজ শেষ করার জন্য নতুনভাবে দরপত্র আহ্বান করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।