কার্যাদেশ অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাসে ভবনের কাজ শেষ হওয়ার কথা। মেয়াদ শেষে আরও সাত মাস পেরিয়ে গেলেও এখনো ভবনের কাজ শেষ হয়নি। ঠিকাদারের হিসাবেই ৩০ শতাংশ কাজ বাকি। এই চিত্র কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণকাজের। এদিকে নতুন ভবনের কাজ শেষ না হওয়ায় পুরোনো ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৯৯০ সালে মাতারবাড়ী নয়াপাড়া প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পর বেড়ার তৈরি একটি ঘরে পাঠদান শুরু হয়। ১৯৯১ সালের ২৯ এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের কবলে পড়ে ওই ঘরটি ভেঙে যায়। এরপর পার্শ্ববর্তী নয়াপাড়া মশরফ আলী রেডক্রিসেন্ট আশ্রয়কেন্দ্রে বিদ্যালয়ের পাঠদান চলে আসছিল। পরে ২০০০ সালে চার কক্ষে একটি ভবন নির্মাণ করলেও কয়েক বছর না যেতেই ওই ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরে। সংস্কার না হওয়ায় ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মহেশখালী উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্র জানায়, ওই বিদ্যালয়ে নতুন করে তিন কক্ষের একতলা একটি ভবন নির্মাণের জন্য ২০১৪-১৫ অর্থবছরে প্রায় ৪৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্মাণকাজের দায়িত্ব পান ঠিকাদার আবদুর রশিদ। কার্যাদেশ মতে, গত বছরের জানুয়ারিতে নির্মাণকাজ শুরু করে ডিসেম্বরের মধ্যে শেষ করার কথা ছিল। কিন্তু কাজ যথাসময়ে শেষ হয়নি। বর্তমানে এক মাস ধরে নির্মাণকাজ বন্ধ রয়েছে।
১২ আগস্ট সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন একতলা ভবনে ছাদ হলেও চারপাশে দেয়াল, দরজা ও জানালা এখনো হয়নি। সেখানে ঠিকাদারের কোনো শ্রমিককেও দেখা যায়নি। পাশের ঝুঁকিপূর্ণ ভবনের তিনটি কক্ষে চলছে পাঠদান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল ইসলাম বলেন, বিদ্যালয়ে এখন শিশু থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৩৭০ জন শিক্ষার্থী রয়েছে। দুই পালায় ছয়টি শ্রেণির পাঠদান চলে। প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করে আসছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আফিয়া সুলতানা বলেন, ঝুঁকিপূর্ণ ভবনটি যেকোনো মুহূর্তে ধসে পড়ে শিক্ষার্থীদের প্রাণহানির আশঙ্কা রয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আশিষ চিরান বলেন, ওই বিদ্যালয় ভবনের অবস্থা বেশ নাজুক। তাই নতুন ভবনের নির্মাণকাজ জরুরি ভিত্তিতে শেষ করার জন্য উপজেলা প্রকৌশলীকে বলা হলেও কোনো কাজ হচ্ছে না।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুবিনুল ইসলাম বলেন, ঠিকাদার এখনো ভবনের অর্ধেক কাজও শেষ করতে পারেননি। ঠিকাদারকে ভবনের নির্মাণকাজ শেষ করার জন্য কয়েকবার বলা হলেও কোনো ফল হয়নি। এ বিষয়টি উপজেলা প্রকৌশলীকে অবহিত করা হয়।
জানতে চাইলে ঠিকাদার আবদুুর রশিদ বলেন, বিদ্যালয়ের জায়গা নিয়ে জটিলতা থাকায় নির্ধারিত সময়ে ভবনের নির্মাণকাজ শুরু করা সম্ভব হয়নি। এখন যোগাযোগ বিচ্ছিন্ন থাকার কারণে মালামাল আনা সম্ভব হচ্ছে না। এ কারণে নির্মাণকাজ বন্ধ রয়েছে। এরপরও আগামী মাসের মধ্যে ওই ভবনের অবশিষ্ট ৩০ শতাংশের কাজ শেষ করার চেষ্টা চলছে।
উপজেলা প্রকৌশলী রিয়াদুল কুদ্দুস বলেন, ঠিকাদারের গাফিলতির কারণে ভবনের নির্মাণকাজ বন্ধ রয়েছে। কাজ শেষ করার জন্য ঠিকাদারকে আবারও তাগিদপত্র দেওয়া হবে।