প্রায় সাত মাস বন্ধ থাকার পর কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী-জনতাবাজার সড়কের সংস্কারকাজ গত শনিবার থেকে শুরু হয়েছে। তবে সম্প্রতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি ঢলে ওই সড়কে নির্মাণাধীন ৬০০ মিটারের কংক্রিটের ঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। এতে যাতায়াতে স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, উপজেলার মাতারবাড়ী-জনতাবাজার সড়কে পাঁচ কিলোমিটারের মধ্যে দুই কিলোমিটার সড়ক কার্পেটিং করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গত বছরের নভেম্বর মাসে এক কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ দেয়।কিন্তু ঠিকাদার চলতি বছরের জানুয়ারি মাসে কাজ শুরু করলেও ৬০০ মিটার পর্যন্ত কংক্রিটের ঢালাই শেষে মার্চ মাস থেকে কাজ বন্ধ করে দেন।মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক চৌধুরী বলেন, ঠিকাদারের চরম গাফিলতির কারণে গত সাত মাস ওই সড়কের সংস্কারকাজ বন্ধ থাকে। তাঁরা লোক দেখানো সামান্য কাজ করলেও তা বৃষ্টিতে উঠে গেছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছে মানুষ।উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে, সংস্কারকাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান আরকান ট্রেডার্স। কার্যাদেশ অনুযায়ী গত বছরের ডিসেম্বরে কাজ শুরু করে চলতি বছরের সেপ্টেম্বর মাসে শেষ করার কথা ছিল।এ প্রসঙ্গে ঠিকাদার মোক্তার হোসেন বলেন, বৃষ্টির কারণে সড়কের সংস্কারকাজ বন্ধ রাখা হয়। বৃষ্টি কমে যাওয়ায় ওই সড়কের সংস্কারকাজ আবার শুরু হয়েছে।উপজেলা প্রকৌশলী মোশাররেফ হোসেন বলেন, কার্পেটিংয়ের কাজ গত বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়ার কথা থাকলেও ঠিকাদারের লোকজন প্রায় এক মাস পর কাজ শুরু করেন। পরে বৃষ্টির কারণে ওই সড়কে সংস্কারকাজ বন্ধ থাকলেও এখন ঠিকাদারের লোকজন আবার কাজ শুরু করেছেন।