সাত মাসে ২৭ দুর্ঘটনায় নিহত ৪, আহত অর্ধশত
রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ডিসি সড়কের ১৬ কিলোমিটার অংশে রয়েছে ২১টি গতিরোধক। দুর্ঘটনা রোধের লক্ষ্যে নির্মিত এসব গতিরোধক এখন মরণফাঁদে পরিণত হয়েছে। গত সাত মাসে এই সড়কে ২৭টি দুর্ঘটনায় চারজনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছে অর্ধশতাধিক মানুষ। সর্বশেষ গত ৩১ আগস্ট কাটাখালী এলাকায় গতিরোধক পার হওয়ার সময় একটি মোটরসাইকেল উল্টে গিয়ে খাদে পড়ে যায়। এতে মারা যান দক্ষিণ রাজানগর ইউনিয়নের সোনারগাঁ গ্রামের ফজল হোসেনের ছেলে কায়সার (২৪)। ২৬ আগস্ট হাজারীহাট-মুখে গতিরোধকে উল্টে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালকসহ পাঁচ যাত্রী আহত হয়। সরেজমিনে দেখা যায়, ঘাটচেক রাস্তার মাথায় সড়কের প্রবেশমুখেই গতিরোধক। সেখান থেকে পারুয়া কাটাখালী পর্যন্ত সাত কিলোমিটারের মধ্যে রয়েছে ১৩টি গতিরোধক। সড়কের পাশের দোকান, ঘরবাড়ি, মসজিদ, হাটবাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে রয়েছে এক বা একাধিক গতিরোধক। একইভাবে রানীরহাট থেকে রাজারহাট পর্যন্ত ছয় কিলোমিটার অংশে রয়েছে আটটি গতিরোধক। পারুয়া ডিসি সড়ক অটোরিকশা সমিতির লাইনম্যান জসিম উদ্দিন জানান, এসব গতিরোধক মাত্রাতিরিক্ত উঁচু। ফলে হঠা ৎ গাড়ির গতি নিয়ন্ত্রণ ও গতিরোধকগুলো অতিক্রম করতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনা ঘটছে। এতে লোকজন হতাহত ছাড়াও বিনষ্ট হচ্ছে যানবাহন। তিনি জানান, ঘাটচেক রাস্তার মাথা ও রানীরহাট থেকে সড়কে প্রবেশমুখে লোহার পাত বসিয়ে দেওয়ায় বাস, ট্রাক, মাইক্রোবাস, জিপসহ বড় আকারের যানবাহন চলাচল করতে পারে না। এ ছাড়া ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে দুই ঘণ্টারও বেশি। এ অবস্থায় অনেকে এ সড়কে যানবাহন চালাতে চায় না। চালকদের ধারণা, নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে সড়কটি যাতে অল্প সময়ে ভেঙে ব্যবহার অনুপযোগী না হয়, তার কৌশল হিসেবে এসব অপ্রয়োজনীয় গতিরোধক বসানো হয়েছে।জানা যায়, পারুয়া ডিসি সড়ক নির্মিত হয় পাকিস্তান আমলে। প্রায় ২০ বছর ধরে যথাযথ সংস্কারের অভাবে সড়কটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে। এ অবস্থায় ঘাটচেক পৌর এলাকা, পারুয়া এবং উত্তর ও দক্ষিণ রাজানগর ইউনিয়নের প্রায় এক লাখ মানুষ সীমাহীন দুর্ভোগের মধ্যে চট্টগ্রাম ও রাঙামাটি শহরে যাতায়াত করে। ২০০৭ সালের নভেম্বর মাসে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশনের অর্থ-সহায়তায় সড়কটি সংস্কার করে। প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ শেষ হয় ২০১০ সালের মে মাসের মাঝামাঝি সময়ে। পারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান (বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আবদুস সাত্তার বলেন, ‘এটি উপজেলার ব্যস্ততম সড়ক। কিন্তু লোহার পাত বসিয়ে বড় আকারের যান চলাচল বন্ধ করে দেওয়ায় এটি এলাকাবাসীর কাছে মড়ার ওপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ১৬ কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে দুই ঘণ্টারও বেশি সময় লেগে যায়।’ এ ব্যাপারে যোগাযোগ করা হলে রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাসান আলী বলেন, ‘দুর্ঘটনা রোধ এবং সড়কটি বেশি দিন যাতে ভালো থাকে, সে লক্ষ্যেই এসব গতিরোধক বসানো হয়েছে।’ সড়ক মেরামতকাজে কোনো ধরনের অনিয়ম কিংবা কারচুপির অভিযোগ তিনি অস্বীকার করেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, গতিরোধকের কারণে যান চলাচলে অসুবিধার বিষয়টি স্থানীয় লোকজন জানিয়েছেন। কিন্তু সড়কের আশপাশের সাধারণ মানুষ ও শিশু-কিশোরদের কথা চিন্তা করে গতিরোধকগুলো রাখা দরকার। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী জানান, সড়কটি মেরামত করায় এলাকার মানুষ খুশি হয়েছিল। কিন্তু অতিরক্তি গতিরোধকের কারণে দুর্ঘটনা বেড়ে যাওয়ায় সে খুশি ম্লান হয়ে গেছে। বড় যানবাহন চলাচল করতে না পারায় সড়কটির সুফল পাচ্ছে না এলাকার মানুষ। জনস্বার্থে গতিরোধক কমিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা দূর করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।