সাত মাসেও চালু হলো না কোটি টাকার গ্রিন হাউস
প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের গ্রিন হাউসের নির্মাণকাজ শেষ হয়েছে সাত মাস আগে। বন ব্যবস্থাপনা শাখা সিলভিকালচার জেনেটিক্স বিভাগকে যথারীতি গ্রিন হাউসটির দায়িত্ব বুঝিয়েও দিয়েছে। কিন্তু জনবল ও বিদ্যুৎসংকটের কারণে এটি চালু করা যায়নি। হয়নি নামকরণও। কবে নাগাদ চালু হবে তা-ও নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। গত বছরের সেপ্টেম্বরে এক হাজার চারার ধারণক্ষমতার গ্রিন হাউসটির নির্মাণকাজ শুরু হয়। এতে খরচ হয়েছে প্রায় ৯৪ লাখ টাকা। এটি চালু হলে এতে বছরে এক লাখ চারা উৎপাদন ও চাহিদা অনুযায়ী বিতরণ সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। বন গবেষণা ইনস্টিটিউট সূত্রে জানা যায়, টিস্যু কালচারের মাধ্যমে উদ্ভিদের নতুন বংশ বিস্তার হয় গবেষণাগারে। বিপন্ন প্রায় উদ্ভিদের বংশ বিস্তার, গতানুগতিক প্রজননের অসুবিধা দূর করা ও বেশি উৎপাদনের জন্য টিস্যু কালচার পদ্ধতি কার্যকর। এ পদ্ধতির মাধ্যমে উৎপন্ন সংবেদনশীল চারাগুলো স্বাভাবিক পরিবেশের সঙ্গে খাপ খাওয়ানোর লক্ষ্যে নগরের বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটে গ্রিন হাউসটি নির্মাণ করা হয়। সূত্র জানায়, সিলভিকালচার জেনেটিক্স বিভাগে কর্মকর্তা-কর্মচারীর ২৬টি পদের মধ্যে লোক আছেন মাত্র ১৩ জন। এর মধ্যে ছয়জন গবেষণা কর্মকর্তা ও তিনজন গবেষকের মধ্যে আছেন মাত্র দুজন। গ্রিন হাউসের জন্য প্রয়োজনীয় লোকবলও নিয়োগ দেওয়া হয়নি। গ্রিন হাউসের দায়িত্বে থাকা গবেষণা কর্মকর্তা মাহবুবুর রহমান গত আগস্টে উচ্চশিক্ষার ছুটিতে মালয়েশিয়া চলে যান। এরকম লোকবলসংকটের কারণে গ্রিন হাউসটি চালু করা সম্ভব হচ্ছে না। সিলভিকালচার বিভাগের প্রধান কর্মকর্তা শর্মিলা দাশ বলেন, ‘আমার বিভাগে আমি একমাত্র গবেষণা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। লোকবলসংকটের জন্য কাজ করা মুশকিল হয়ে পড়েছে।’ তিনি বলেন, ‘আমরা ১৩ প্রকার বাঁশ, তিন প্রকার ওষুধি ও স্ট্রবেরি চারা পরীক্ষাগারে উৎপাদন করছি। গ্রিন হাউস চালু করতে পারলেই চারাগুলো সেখানে সরানো যাবে।’গ্রিন হাউস চালুর ক্ষেত্রে আরেকটি বড় বাধা বিদ্যুতের সংকট। গ্রিন হাউস ও দুটি গবেষণাগারে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহের জন্য ৩০ কিলোওয়ার্ড ক্ষমতাসম্পন্ন জেনারেটর বসানোর কথা থাকলেও তা এখনো বসানো হয়নি। সংশ্লিষ্ট বিভাগের ক্ষেত্র পরিদর্শক নুসরাত সুলতানা জানান, ‘বিদ্যুৎ না থাকায় পরীক্ষাগার থেকে পরীক্ষামূলকভাবে গ্রিন হাউসে সরানো কিছু চারা নষ্ট হয়ে গেছে। তবে গ্রিন হাউস থেকে বছরে এক লাখ চারা উৎপাদন সম্ভব হবে।’ ইনস্টিটিউটের মুখ্য গবেষণা কর্মকর্তা মোখলেছুর রহমান বলেন, ‘গ্রিন হাউসটি নির্মাণের পর আমার বিভাগ থেকে যথাসময়ে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। কিন্তু দায়িত্বপ্রাপ্ত গবেষণা কর্মকর্তা উচ্চশিক্ষার ছুটিতে থাকায় এটি চালু করা যাচ্ছে না।’ গ্রিন হাউসটি কখন উদ্বোধন করা হবে—এমন প্রশ্নের জবাবে ইনস্টিটিউটের পরিচালক এম ওয়াহেদ বকস্ বলেন, ‘এখনো উদ্বোধনের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। লোকবলসংকট একটা সমস্যা। এ ব্যাপারে কিছু কাজ হচ্ছে।’ এর বেশি কিছু বলতে তিনি রাজি হননি।