‘প্রতিবছর শীতের ফসল বেচে ভালোই আয় হতো। ফসল তুলে জিপ বা পিক-আপে করে চিরিঙ্গা বাজারে নিতাম। ভালো দাম পেতাম। কিন্তু এবার হয়েছে মরণ দশা। শিবাতলীর ভাঙার জন্য জিপ বা পিকআপ কিছুই ঢুকছে না। রিকশাও আসতে চায় না। এলেও দ্বিগুণ ভাড়া চায়। ফলে খরচ বাদ দিলে পকেটে কিছুই থাকে না। উপায় না দেখে গ্রামেই পানির দরে ছেড়ে দিচ্ছি ফসল।’ কাকারার শিবাতলীর ভাঙা রাস্তার ভোগান্তি সম্বন্ধে এভাবেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন দক্ষিণ কাকারার কৃষক মো. ইসমাইল। একই গ্রামের সাবের হোসেন শোনালেন অন্য এক করুণ অভিজ্ঞতা, ‘সপ্তাহ খানেক আগে আমার বাবার স্ট্রোক হয়। এলাকায় কোনো হাসপাতাল না থাকায় বাবাকে নিতে হবে চিরিঙ্গায়। কিন্তু শিবাতলীর ভাঙা সড়কের কারণে রিকশা ছাড়া মাইক্রো-অ্যাম্বুলেন্স কিছুই ঢোকে না। অগত্যা তাঁকে তিনজনে ধরে এক মাইল হেঁটে এসে ভাঙা পার হয়ে মাইক্রোবাস ধরি।’ চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শিবাতলী এলাকার মাত্র ৩০ মিটার ভাঙা রাস্তার কারণে সাত মাস ধরে এভাবে দুর্ভোগ পোহাচ্ছেন এলাকার প্রায় ১৬ হাজার মানুষ। চকরিয়ার সঙ্গে কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের যোগাযোগের প্রধান সড়ক এটি। তাই দৈর্ঘ্যে কম হলেও এতে ভোগান্তির ভয়াবহতা ব্যাপক। এলাকার বাসিন্দারা জানান, মাতামুহুরী নদীর তীরবর্তী সড়কটি গত বছর বন্যার সময় বিধ্বস্ত হয়। বন্যা প্রতিরোধক দেয়াল ও ব্লক ধসে পড়ে সড়কটির অন্তত ৩০ মিটার অংশ চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ইউনিয়ন পরিষদকে বারবার অনুরোধ করে কাজ না হওয়ায় স্থানীয় অটোরিকশাচালকদের সহযোগিতায় এলাকাবাসী সড়কটি কোনো রকমে রিকশা-অটোরিকশা চলাচলের উপযোগী করে। এলাকার বাসিন্দা মো. আফতাব উদ্দিন বলেন, এলাকাটি কৃষিনির্ভর। সড়কটির কারণে স্থানীয় কৃষকদের উৎপাদিত ফসল বিপণনে সমস্যা হচ্ছে। এতে বিপুল আর্থিক ক্ষতির শিকার হচ্ছেন তাঁরা। এ ছাড়া, শিক্ষার্থী, চাকরিজীবীসহ সাধারণ মানুষও চলাচলে বিড়ম্বনার শিকার হচ্ছেন। চলতি মৌসুমে এটি সংস্কার না হলে আগামী বর্ষায় অবস্থা ভয়ংকর হয়ে উঠবে বলে তিনি মন্তব্য করেন। এ বিষয়ে কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী মনসুর বলেন, ‘এবারসহ সড়কটি তিনবার ভাঙল। সম্প্রতি আমরা কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা) এবং টেস্ট রিলিফের (টিআর) কিছু বরাদ্দ দিয়ে অস্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে এটি সংস্কারের চেষ্টা করেছি। স্থায়ী সংস্কারের জন্য স্থায়ী বেড়িবাঁধ (গাইড ওয়াল) ও ব্লক নির্মাণসহ বেশ কিছু প্রতিরোধক লাগবে। তবে তা পানি উন্নয়ন বোর্ডের দায়িত্ব।’ চেয়ারম্যান আরও বলেন, ‘গত সাত মাসে আমি পানি উন্নয়ন বোর্ডে চিঠি দিয়ে সশরীরে গিয়ে বিভিন্নভাবে চেষ্টা করছি কিন্তু কোনো সহযোগিতা পাইনি।’ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাইনুদ্দিন খান বলেন, ‘এ কাজের জন্য বোর্ডে আগেই চাহিদাপত্র দেওয়া হয়েছিল। কিন্তু টাকা পাইনি। এখন নতুনভাবে চাহিদাপত্র পাঠাব। এরই মধ্যে আমি সংশ্লিষ্ট উপবিভাগীয় প্রকৌশলীকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দ্রুত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দিয়েছি। তবে প্রকল্প বাস্তবায়ন নির্ভর করছে অর্থপ্রাপ্তির ওপর।’ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী (চকরিয়া-বদরখালী) ফয়জুল রব এ বিষয়ে কাকারা ইউনিয়ন পরিষদের চিঠি পাওয়ার কথা স্বীকার করেন। তবে তিনি বলেন, ‘এখানে আমি নতুন এসেছি। তাই এই প্রকল্পের বাস্তবায়ন সম্বন্ধে বেশি কিছু বলা সম্ভব নয়।’