খাগড়াছড়ি ও মাটিরাঙ্গা পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সাত মেয়র প্রার্থীর মধ্যে ছয়জনই পেশায় ব্যবসায়ী, একজন আইনজীবী। মামলা বিচারাধীন রয়েছে তিনজন মেয়র প্রার্থীর। মামলা ও শিক্ষায় এগিয়ে বিএনপি প্রার্থী। তবে দুই পৌরসভায় আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে কোনো মামলা নেই। এ ছাড়া চারজনই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। বার্ষিক আয়ে খাগড়াছড়ির বর্তমান মেয়র ও স্বতন্ত্র প্রার্থী রফিকুল আলম এগিয়ে। দ্বিতীয় অবস্থানে আছেন আরেক স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা। নির্বাচন কমিশনে দাখিল করা হলফনামা থেকে এ তথ্য জানা যায়।
প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও মামলা: খাগড়াছড়িতে আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলমের শিক্ষাগত যোগ্যতা এসএসসি। বিএনপির প্রার্থী আবদুল মালেক মিন্টু এলএলএম (আইনে স্নাতকোত্তর) পাস। খাগড়াছড়ি আমলি আদালতে তাঁর নামে দুটি মামলা বিচারাধীন। স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। খাগড়াছড়ি জেলা জজ আদালতে তাঁর নামে একটি মামলা বিচারাধীন। স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমা ও জাতীয় পার্টির মোহাম্মদ ইসহাক স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। মাটিরাঙ্গায় মো. শামছুল হকের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি। মো. বাদশা মিয়া স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁর নামে আমলি আদালত ও বিচারিক হাকিমের আদালতে দুটি মামলা বিচারাধীন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আলী আশরাফ স্বাক্ষরজ্ঞানসম্পন্ন।
বার্ষিক আয় ও পেশা: খাগড়াছড়িতে বার্ষিক আয়ে এগিয়ে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম। তিনি পেশা হিসেবে ব্যবসা উল্লেখ করেছেন। ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত পৌর নির্বাচনে তিনি হলফনামায় বার্ষিক আয় ৬১ লাখ ৬৫ হাজার দেখালেও এবার জমা দেওয়া হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৯৫ হাজার টাকা, যা গতবারের চেয়ে প্রায় দ্বিগুণ। ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জমা আছে ৪৫ লাখ টাকা। আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলম ব্যবসায়ী। বার্ষিক আয় দেখিয়েছেন ২ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংকে জমা ৩ লাখ টাকা। বিএনপি প্রার্থী আব্দুল মালেক আইনজীবী। বার্ষিক আয় ২ লাখ ৯০ হাজার টাকা। ব্যাংকে জমা ৪ লাখ ৬৭ হাজার ৪৪১ টাকা। জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ ইসহাক ব্যবসায়ী। বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। স্বর্ণ আছে ৪০ ভরি। স্বতন্ত্র প্রার্থী কিরণ মারমাও ব্যবসায়ী। বার্ষিক আয় ৭ লাখ টাকা। স্বর্ণ আছে ১৫ ভরি, ব্যাংকে জমা ৬ লাখ টাকা।
মাটিরাঙ্গায় আওয়ামী লীগ প্রার্থী মো. শামছুল হক ব্যবসায়ী। বার্ষিক আয় ২ লাখ ৮০ হাজার টাকা। বিএনপির প্রার্থী বাদশা মিয়াও ব্যবসায়ী। বার্ষিক আয় ১ লাখ টাকা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী আশরাফ মৌসুমি ফল ব্যবসায়ী। বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা।