সাত শিক্ষকের পদে আছেন দুজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া মডেল উচ্চবিদ্যালয়ের কারিগরি শাখায় ১২০ জন শিক্ষার্থীর জন্য শিক্ষক আছেন মাত্র দুজন। শিক্ষকের অভাবে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হেচ্ছ। গত তিন বছর ধরে শিক্ষক ও ল্যাব সহকারীর পদ শূন্য রয়েছে। 
বিদ্যালয় সূত্রে জানা যায়, কারিগরি শাখায় শিক্ষার্থীর সংখ্যা ১২০ জন। এদের তত্ত্বীয় ও ব্যবহারিক ক্লাস পরিচালনার জন্য সাতজন শিক্ষক (চারজন ইন্সট্রাক্টর ও তিনজন সহকারী শিক্ষক) এবং দুজন ল্যাব সহকারীর পদ রয়েছে। বর্তমানে ল্যাব সহকারী ছাড়াই কেবল দুজন শিক্ষকের মাধ্যমে জোড়াতালি দিয়ে কোনো রকমে শ্রেণি কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিভাবক মো. শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘শিক্ষক স্বল্পতার কারণে আমাদের ছেলেরা নিয়মমাফিক বিষয়ভিত্তিক, গাণিতিক ও ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত হচ্ছে। এ কারণে এ শাখার শিক্ষার্থীরা বোর্ড পরীক্ষায় ভালো করছে না।’
দশম শ্রেণির শিক্ষার্থী আল আমিন জনি বলে, ‘বিদ্যালয়ে ল্যাব সহকারী না থাকায় আমরা যথাযথ ব্যবহারিক ক্লাস থেকে বঞ্চিত হচ্ছি।’
প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কারিগরি শাখায় শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে বেশ কয়েকবার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তার পরও শিক্ষক পাওয়া যাচ্ছে না। ডিপ্লোমা ডিগ্রিধারীদের নিবন্ধন বাধ্যতামূলক করায় ইন্সট্রাক্টর পদে কেউ আবেদন করছেন না।’
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. জহির উদ্দিন বলেন, বিদ্যালয়ের এ শাখাটি কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে হওয়ায় শিক্ষক নিয়োগ–প্রক্রিয়ায় একটু সময় লেগেছে। এ শাখায় শিক্ষক পাওয়া কঠিন। ইতিমধ্যে দুজন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। শূন্য প্রতিটি পদে নিয়োগ দিতে আমাদের চেষ্টা অব্যাহত আছে।’