সাত স্থানে পাহাড়ের পাদদেশের বালু তুলে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশ আইন অমান্য করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় সাত স্থানে অবাধে তোলা হচ্ছে পাহাড়ের পাদদেশের বালু। চার মাস ধরে বালু তোলা হলেও তা বন্ধে প্রশাসনের কোনো তৎপরতা চোখে পড়ে না।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া, ধলঘাটপাড়া, কালারমারছড়া ইউনিয়নের আঁধারঘোনা, চালিয়াতলি, উত্তর নলবিলা এবং শাপলাপুর ইউনিয়নের ষাইটমারা ও জেমঘাট এলাকায় বন বিভাগের পাহাড়ের পাদদেশ থেকে বালু তোলা হচ্ছে।
স্থানীয় লোকজন জানান, পিকআপ ভর্তি করে এসব বালু সড়কপথে মাতারবাড়ি ও চকরিয়ার বদরখালীসহ বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতি পিকআপ বালু বিক্রি হচ্ছে চার শ থেকে ছয় শ টাকায়।
হোয়ানক ইউনিয়নের ধলঘাটপাড়ার বাসিন্দারা জানান, স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি পাহাড়ের বালু তুলে বিক্রি করছেন। এ নিয়ে এলাকাবাসী স্থানীয় বনকর্মীদের অভিযোগ করলেও কোনো কাজ হচ্ছে না।
বালু পরিবহনকাজে নিয়োজিত পিকআপচালক মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, বালুবিক্রেতার সঙ্গে চুক্তি করে ট্রাকে বালু ভর্তি করে বাইরে নিয়ে যাওয়া হচ্ছে। এতে প্রতি ট্রাকে বালু পরিবহনের জন্য ছয় শ টাকা করে ভাড়া নেওয়া হচ্ছে।
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ইতিমধ্যে বেশ কয়েকবার অভিযান পরিচালনা করে বালুসহ ট্রাক জব্দ করা হয়েছে। এর পর থেকে বালু বিক্রি বন্ধ রয়েছে। তবে মাঝেমধ্যে চুরি করে কয়েকজন লোক বালু বিক্রি করছে বলে শুনেছি। তাই বালু বিক্রির সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মির কাসেম চৌধুরী বলেন, সরকারিভাবে ইজারা ছাড়া পাহাড় বা ছড়ার বালু বিক্রি করার নিয়ম নেই। এর পরও বিভিন্ন স্থানে সড়কের পাশের ছড়া ও পাহাড়ের পাদদেশ থেকে তুলে বিক্রি করছে। সেচ্ছাসেবী সংগঠন উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী বলেন, বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশ থেকে অবাধে বালু তোলায় পরিবেশের মারাত্মÄক ক্ষতি হচ্ছে। পরিবেশ আইনের ১৯৯৫ সালের (সংশোধিত ২০১০) ১ নম্বর আইনের ৬–এর খ ধারা মতে পাহাড়ের বালু বিক্রি করা দণ্ডনীয় অপরাধ হলেও মাঠপর্যায়ে ওই আইন তেমন কার্যকর হচ্ছে না।
জানতে চাইলে বন বিভাগের মহেশখালী রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক বলেন, ‘বিচ্ছিন্নভাবে চালিয়াতলীসহ কয়েকটি এলাকায় পাহাড় ও ছড়ার বালু বিক্রি করছে বলে বিভিন্নজনের কাছ থেকে শুনেছি। তদন্ত করেই অচিরেই বালু বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে।’