সাতকানিয়া পৌরসভার নব নির্বাচিত মেয়র মোহাম্মদ জোবায়েরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের উদ্যোগে ২৯ জানুয়ারি সন্ধ্যায় স্থানীয় চৌধুরী পুকুরপাড় এলাকায় এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা পরিষদের আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মঈনুদ্দিন হাসান চৌধুরী। এতে অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম ও মোজাম্মেল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ এবং চট্টগ্রাম নগরের টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ওসমান গণি চৌধুরী।
এতে বক্তব্য দেন উপজেলার কালিয়াইশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল হাকিম চৌধুরী, ঢেমশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদুয়ান, পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ আলী ও সংবর্ধনা পরিষদের সদস্যসচিব মো. শাহজাহান প্রমুখ।
মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সাতকানিয়া পৌরসভার উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান প্রণয়ন করা হবে। উন্নয়নের জন্য নেওয়া হবে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। পৌরসভার বাসিন্দাদের একটি পরিচ্ছন্ন ও নিরাপদ নগর উপহার দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। —সাতকানিয়া প্রতিনিধি