সাতকানিয়ায় খামারির ভাগ্য ফেরাচ্ছে মহিষ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের সুঁইপুরা গ্রামের বাসিন্দা আহমদ হোসেন (৪৬) এক সময় গরু পালন করে সংসার চালাতেন। কিন্তু গরু পালনে খরচ বেশি, লাভ কম। অপর দিকে মহিষ পালনে তেমন পরিশ্রম নেই, খরচও কম। তাই গত তিন বছর ধরে মহিষ পালন করছেন তিনি। ভালো লাভ হওয়ায় সংসারেও এসেছে সচ্ছলতা।
সুঁইপুরা গ্রামে গেলে আহমদ হোসেন তাঁর লাভের হিসাবটা তুলে ধরেন। গত মে মাসেই ২৫টি মহিষ কিনেছিলেন। প্রতিটার দাম পড়েছে ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এবার কোরবানের ঈদে ২০টি মহিষ বিক্রি করেছেন নয় লাখ টাকায়। লালন পালনের খরচ ও রাখালের বেতন বাদ দিয়ে তাঁর লাভ হয়েছে দুই লাখ ৩০ হাজার টাকা। খামারে আরও পাঁচটি মহিষ রয়েছে। সেগুলোও ভালো দামে বিক্রি হবে বলে আশা করছেন তিনি।
আহমদ হোসেনের মতো সাতকানিয়া উপজেলার অনেকেই এখন ঝুঁকছেন মহিষ পালনের দিকে। লালন পালনে খরচ কম আর ভালো লাভ হওয়ায় খামারিরা মহিষ পালন করছেন। বাজারে দেশি মহিষের মাংসের চাহিদাও বেড়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্র জানায়, সাতকানিয়া পৌরসভা, ছাদাহা, এওচিয়া, কেঁওচিয়া, সোনাকানিয়া, মাদার্শা, কাঞ্চনা ও চরতি ইউনিয়নে অন্তত ২০টি মহিষের খামার গড়ে উঠেছে। প্রত্যেক খামারে আট থেকে পঁয়ত্রিশটি করে মহিষ রয়েছে। তবে কেবল মাংসের চাহিদা মেটাতেই এখানকার খামারিরা মহিষ পালন করেন।
উপজেলার খামারিরা জানান, মহিষ পালনে খুব বেশি পরিশ্রম করতে হয় না। জলাভূমি ও ঘাসেভরা জায়গায় ছেড়ে দিলে ঘাস, লতা-পাতা খেয়েই মহিষ মোটাতাজা হয়। কোনো ওষুধও ব্যবহার করতে হয় না। মাঝেমধ্যে কৃমির ওষুধ ও ভিটামিন খাওয়ালেই চলে। এতে মহিষের স্বাভাবিক বৃদ্ধি অক্ষুণ্ন থাকে।
সাম্প্রতিক সময়ে সাতকানিয়ায় দেশি মহিষের মাংসের চাহিদাও বেড়েছে বলে উপজেলার বিভিন্ন বাজারের মাংস বিক্রেতারা জানান। চর্বি বিহীন ও নীরোগ দেশি মহিষের মাংস এবং গরুর মাংস বিক্রি হচ্ছে একই দামে। সাতকানিয়ার দেওয়ান হাটের মাংস বিক্রেতা আবদুল মান্নান(৪৬) জানান, দেশি মহিষের মাংসের চাহিদা দিন দিনই বাড়ছে। বাজারে প্রতি কেজি গরু এবং দেশি মহিষের মাংস ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
উপজেলার ছদাহা ইউনিয়নের পাহাড়বেষ্টিত সিন্ধুপ্যাপাড়ায় গিয়ে দেখা গেছে, পাহাড়ের পাশের সমতল ভূমিতে ৩০-৩২টি মহিষ চরছে। ওই মহিষগুলো দেখাশোনা করছিলেন দুজন লোক। তাঁরা মহিষগুলোকে কিছুক্ষণ পর পর তাড়া করে ঘাস খেতে উদ্বুদ্ধ করছিলেন। জসিম উদ্দিন নামের একজন খামারির (৩৮) সঙ্গে। তিনি জানান, মহিষ পালনে অতিরিক্ত কোনো খরচ নেই। মহিষ প্রাকৃতিক খাবার খেয়েই বড় হয়। বেশি যত্ন-আত্তিও করতে হয় না। ছেড়ে দিলেই ঘাস, লতাপাতা খেয়ে বড় হয়।
জসিম উদ্দিন আরও জানান, তিনি ও খামারি তাজুল ইসলাম (৪৭) চলতি বছর ৩১টি ছোট-বড় মহিষ পালন করেছেন। মহিষ বিক্রি করে ভালো লাভও হয়েছে তাঁদের। এলাকার অনেকেই এখন মহিষ পালনে আগ্রহী হয়েছেন।
সাতকানিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুলতান মাহমুদ আখন্দ জানান, কোরবানের ঈদকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় পাঁচ শয়েরও বেশি মহিষ পালন করেছেন খামারিরা। ঈদ ছাড়াও সারা বছর মহিষ বিক্রি হয়। এ এলাকায় সাম্প্রতিক সময়ে মহিষের মাংসের চাহিদা বেড়েছে। খরচ কম আর লাভ বেশি হওয়ায় অনেক খামারি এখন মহিষ পালন করছেন।