সাতকানিয়ায় চক্ষু চিকিৎসাকেন্দ্র উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব দৃষ্টি দিবস উদ্যাপন উপলক্ষে ৮ অক্টোবর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ‘চক্ষু চিকিৎসাকেন্দ্র’ উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের তত্ত্বাবধানে এবং অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই চিকিৎসাকেন্দ্র যাত্রা শুরু করেছে। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের চিকিৎসকেরা এই কেন্দ্রে চিকিৎসাসেবা দেবেন।
চক্ষু চিকিৎসাকেন্দ্র উদ্বোধনের আগে চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের ট্রাস্টি বোর্ডের সদস্য জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক সরফরাজ খান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন অরবিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুনীর আহমেদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এইচ জি কুদ্দুছ। আলোচনা সভায় চক্ষু চিকিৎসাকেন্দ্রের বিভিন্ন দিক তুলে ধরেন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি রবিউল হোসেন।
চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের কর্মকর্তা আয়েশা আক্তারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মনিরুজ্জামান ওসমানী, সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী, সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম, চট্টগ্রাম চক্ষু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা শহীদ ফারুকী ও সাংবাদিক সুকান্ত বিকাশ ধর প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বিনা মূল্যে শিশু শিক্ষার্থীদের দৃষ্টিশক্তির পরীক্ষা ও সুবিধাবঞ্চিত জনগণকে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়।