সাতকানিয়ায় ছয় দিনে তিন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ছয় দিনের ব্যবধানে খুন হয়েছেন তিনজন। তাঁদের মধ্যে একজন পুরুষ ও দুজন নারী। তিনজনকেই গুলি করে হত্যা করা হয়। ২ থেকে ৭ জানুয়ারির মধ্যে এই তিনটি হত্যাকাণ্ড ঘটে। এ নিয়ে উদ্বিগ্ন নাগরিক সমাজ।
পুলিশ সূত্রে জানা গেছে, ২ জানুয়ারি রাত পৌনে আটটার দিকে মুখোশধারী আট-দশজন সন্ত্রাসী সিএনজিচালিত অটোরিকশা নিয়ে এসে এওচিয়া ইউনিয়ন যুবলীগের কর্মী মো. জামাল উদ্দিনকে (৩২) গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এ সময় তিনি সাতকানিয়া-বাঁশখালী সড়কের ফুলতলা বাজার এলাকার হাজি মাজেদ মার্কেটের সামনে বসা ছিলেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত জামাল উদ্দিনের বাবা মীর আহমদ তাঁর ছেলে হত্যায় জড়িত থাকার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাফফর আহমদসহ জামায়াত-শিবিরের ২১ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে মামলা করেছেন। মীর আহমদ জানান, রাজনৈতিক কারণে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরাই তাঁর ছেলেকে গুলি করে হত্যা করেছে।
৩ জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে উপজেলার নলুয়া ইউনিয়নের পূর্ব গাটিয়াডেঙ্গা এলাকার খোন্দকারপাড়া গ্রামে বাড়ি যাওয়ার সড়কে দরিদ্র বিধবা গোলতাজ বেগমকে (৩৫) গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর বৃদ্ধ বাবা আবদুশ শুক্কুর তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।
থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ‘গোলতাজ হত্যার ব্যাপারে পুলিশ তৎপর। ইতিমধ্যে খুনি কারা তা পুলিশ অনেকটাই নিশ্চিত হয়েছে। শিগগির তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।’
এদিকে ৭ জানুয়ারি দিবাগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার এওচিয়া ইউনিয়নের দুর্গম ছনখোলা পল্লান বাড়ি এলাকায় আত্মীয়ের বসতঘরে বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে নিহত হন আনোয়ারা বেগম (৩৮)। তাঁর বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বামুটিয়া গ্রামে। তিনি গত নভেম্বর মাসে সাতকানিয়ায় এসেছিলেন।
থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাই বলেন, আনোয়ারা বেগম হত্যায় জড়িত সন্দেহে স্থানীয় লোকজন তিন ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনার পর সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা এবং অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) মো. হাবিবুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
হঠাৎ করে সাতকানিয়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় জনমনে আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলা নাগরিক কমিটির সভাপতি মো. ইদ্রিচ বলেন, সাতকানিয়ায় ২০১৪ সালটা মোটামুটি ভালো গেছে। কিন্তু হঠাৎ করে ২০১৫ সালের শুরুতেই আইনশৃঙ্খলার অবনতি হলো। এ লক্ষণ ভালো নয়। তিনি বলেন, এখনই অপরাধীদের আইনের আওতায় আনতে না পারলে অবস্থা আরও খারাপের দিকে যাবে।
জানতে চাইলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন বলেন, সম্প্রতি সংঘটিত হত্যাকাণ্ডগুলো রাতের অন্ধকারে হয়েছে। তা ছাড়া এলাকাগুলো অনেকটাই দুর্গম। পুলিশ প্রশাসন চেষ্টা করছে সাতকানিয়ায় যাতে আইনশৃঙ্খলার অবনতি না হয়। তার পরও কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেছে। পুলিশ জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।