সাতকানিয়ায় সমাজসেবা কর্মকর্তা নেই আড়াই বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই বছর ধরে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার পদটি শূন্য। এ কারণে ব্যাহত হচ্ছে কার্যালয়ের দাপ্তরিক কাজসহ নানা কার্যক্রম।

সাতকানিয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ২০১৪ সালের ২৪ আগস্ট উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান কুমিল্লায় বদলি হয়ে যাওয়ায় পদটি শূন্য হয়। এ পদে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তিনি নিয়মিত সাতকানিয়া কার্যালয়ে যেতে পারছেন না। তিনি লোহাগাড়া উপজেলা সমাজসেবা কার্যালয়েরও অতিরিক্ত দায়িত্বে আছেন।

সূত্র আরও জানায়, সাতকানিয়া উপজেলা সমাজসেবা কার্যালয়ের অধীনে আটজন ইউনিয়ন সমাজকর্মী থাকার কথা। এর মধে৵ আছেন চারজন কর্মী। তা ছাড়া অফিস সহকারীর পদটি ১৩ বছরের বেশি সময় ধরে শূন্য। দীর্ঘদিন ধরে নৈশপ্রহরীও নেই।

ওই কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার কৃষ্ণ চক্রবর্তী বলেন, সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা এবং দারিদ্র্য বিমোচন কর্মসূচির আওতায় বিভিন্ন ক্ষুদ্র ঋণ প্রকল্প পরিচালনা করাসহ ৫৪টি সেবামূলক খাতে উপজেলা সমাজসেবা কার্যালয় কাজ করে থাকে। কিন্তু সমাজসেবা কর্মকর্তার পদটি শূন্য থাকায় দপ্তরের বিভিন্ন কাগজপত্র যথাসময়ে সই করানো সম্ভব হয় না। এতে কার্যক্রম স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে।

উপজেলার উত্তর ছদাহা এলাকার বাসিন্দা জন্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, তাঁর ছয় বছর বয়সের মেয়ে জন্ম থেকে প্রতিবন্ধী। প্রায় সাত মাস আগে প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করা হয়েছে। কিন্তু সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ের লোকজন জানিয়েছেন, কর্মকর্তা না থাকার কারণে তালিকাভুক্ত হতে দেরি হচ্ছে।

জানতে চাইলে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্বে থাকা অভিজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘আমি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সমাজসেবা কর্মকর্তা হিসেবে কাজ করছি। পাশাপাশি আমাকে সাতকানিয়া ও লোহাগাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার দায়িত্ব পালন করতে হচ্ছে। চেষ্টা করছি সব দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে। কিন্তু হাসপাতাল কার্যালয়ে কাজকর্ম বেশি থাকায় সাতকানিয়া উপজেলা কার্যালয়ে সপ্তাহে এক দিন সময় দেওয়ার চেষ্টা করি।’

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ প্রথম আলোকে বলেন, মো. মিজানুর রহমানের বদলির পর ওই পদে আর কোনো কর্মকর্তা নিযুক্ত করা হয়নি। মাঝখানে চন্দনাইশ উপজেলা সমাজসেবা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বে ছিলেন। বর্তমানে অভিজিৎ সাহাকে সাতকানিয়া উপজেলা কার্যালয়ে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু তিনি নিজ কর্মস্থলে ব্যস্ত থাকায় সাতকানিয়ায় ঠিকভাবে সময় দিতে পারছেন না। এতে কাজকর্ম স্বাভাবিকভাবে সম্পন্ন হচ্ছে না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।