সাতকানিয়ায় ১২ সড়কে খানাখন্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাম্প্রতিক সময়ের টানাবৃষ্টি ও নিয়মিত সংস্কার না করায় সাতকানিয়া উপজেলার ১২টি সড়ক খনাখন্দে ভরে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্ত। এসব গর্তে জমে থাকছে বৃষ্টির পানি। এতে চলাচলে ভোগান্তি বেড়েছে মানুষের। 
সরেজমিন দেখা গেছে, মৌলভীর দোকান-মরফলা বাজার ও গোয়াজরপাড়া-ছমদিয়াপুকুর সড়কের বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। সড়কের ওই অংশে বৃষ্টির পানি ও কাদা মিশে একাকার হয়ে আছে। কিছু স্থানে রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার চালকেরা যাত্রী নামিয়ে দিয়ে ঠেলে গাড়ি ওই অংশ পার করছেন। এই দুটি সড়কের মতো একই অবস্থা অন্য ১০টি সড়কেরও।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা কার্যালয় সূত্র জানায়, উপজেলায় ১২টি সড়ক সংস্কার করা প্রয়োজন হয়ে পড়েছে। ওই সড়কগুলো হলো গোয়াজরপাড়া-ছমদিয়াপুকুর, মৌলভীর দোকান-মরফলা বাজার, নলুয়া-সরওয়ার বাজার, ফুলতলা-আমিলাইশ, মির্জাখীল-সেনের হাট, প্রাণহরি স্কুল-চান্দেরপাড়া, ওবাইদিয়া-বাইন্যাপাড়া, বিওসির মোড়-মাইঙ্গাপাড়া, সামচৌধুরীপাড়া-গারাঙ্গিয়া, হাসমতের দোকান-আজিমপুর, করইয়ানগর-আশেকেরপাড়া ও নাপিতেরচর-কাজীরখীল সড়ক।
সাতকানিয়া মাহমুদুল উলুম আলিয়া মাদ্রাসার ইংরেজি বিষয়ের প্রভাষক মোহাম্মদ আলমগীর বলেন, এ সড়কগুলো দিয়ে লোকজন ঝুঁকি নিয়ে কষ্ট করে চলাচল করছে। জনপ্রতিনিধিরা ভোটের সময় সবকিছু করবেন বলে আশ্বাস দেন কিন্তু পরে বেমালুম ভুলে যান।
মৌলভীর দোকান-মরফলা বাজার এলাকার রিকশাচালক মো. ছাদেক বলেন, সড়কে খানাখন্দ ও গর্তের কারণে রিকশা চালাতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অনেক স্থানে গাড়ি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে সড়কের ভাঙা অংশ পার হয়ে আবার গাড়িতে তুলতে হয়। এতে চালক ও যাত্রী উভয়ের কষ্ট হচ্ছে। সোনাকানিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. নূর আহমদ বলেন, ‘উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় ও প্রশাসনকে সড়ক সংস্কারের ব্যাপারে অনেকবার অবহিত করেছি। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।’
এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী মো. পারভেজ সারোয়ার হোসেন বলেন, সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ কিছু সড়ক জরুরি ভিত্তিতে সংস্কার করা প্রয়োজন। এ জন্য বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সড়কগুলো সংস্কার করা হবে।