সাতকানিয়ার কাঞ্চনা ইউপির উপনির্বাচন ২৮ অক্টোবর
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) উপনির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৮ অক্টোবর এ উপনির্বাচন অনুষ্ঠিত হবে। চেয়ারম্যানের বিরুদ্ধে ওই ইউপির নয়জন সদস্যের অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার মন্ত্রণালয় এ উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নিয়েছে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় সূত্রে জানা গেছে, সাতকানিয়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোজাফ্ফর আহমদ কাঞ্চনা ইউপির চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জরুরি বৈঠকে প্রায় সময় অনুপস্থিত ছিলেন। এ কারণে ইউনিয়নের বাসিন্দারা পরিষদের বিভিন্ন সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে পরিষদের নয়জন সদস্য চেয়ারম্যানের কর্মকাণ্ডে অসন্তোষ প্রকাশ করে তাঁর বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অনাস্থা প্রস্তাব দেন। সদস্যদের দেওয়া অনাস্থা প্রস্তাবটি চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি বিবেচনায় নিয়ে গত ১৭ আগস্ট কাঞ্চনা ইউপির চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে এবং ওই ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত জানিয়ে চিঠি পাঠায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুল আলম বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশে কাঞ্চনা ইউপির উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে হিসেবে উপনির্বাচন ২৮ অক্টোবর।
ইউএনও মোহাম্মদ উল্যাহ বলেন, কাঞ্চনা ইউপির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও গুরুত্বপূর্ণ বৈঠকে চেয়ারম্যান মোজাফ্ফর আহমদ অনুপস্থিত থাকায় পরিষদের কার্যক্রমে অচলাবস্থা দেখা দেয়। এ কারণে ইউপির সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিলে স্থানীয় সরকার মন্ত্রণালয় সেই অনাস্থা প্রস্তাব বিবেচনায় নিয়ে কাঞ্চনা ইউপির চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত নেয়।