সাতকানিয়া কলেজ সড়ক ৮০০ মিটারে দুর্ভোগ
সড়কের পিচঢালাই উঠে গেছে বছর পাঁচেক আগে। কিছু দূর অন্তর ছোট-বড় গর্ত। বৃষ্টি হলে এসব গর্তে কাদাপানিতে একাকার হয়ে যায়। এ সময় হেঁটে চলাচলও দায় হয়ে পড়ে। এ চিত্র সাতকানিয়া পৌরসভার কলেজ সড়কের ডাকবাংলোর মোড় থেকে কলেজ ছাত্রাবাস পর্যন্ত অংশের।
গত ৩১ আগস্ট সরেজমিনে দেখা যায়, সড়কটি শুরু হয়েছে পৌরসভা সদরের দেওয়ান হাট থেকে। শুরুর দিকে প্রায় ১০০ মিটার আরসিসি ঢালাই করা। কিন্তু এর পরের ডাকবাংলোর মোড় থেকে কলেজ ছাত্রাবাস সেতু পর্যন্ত ৮০০ মিটার অংশ বেহাল হয়ে পড়েছে। খানাখন্দে ভরা সড়কে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন পথচারীরা। সাতকানিয়া সরকারি কলেজের স্নাতকের শিক্ষার্থী জান্নাতুন নাঈম বলেন, সড়কের অল্প অংশই বেহাল। এ জন্য রিকশাচালকেরা যেতে চান না। যাঁরা যান, তাঁরা অতিরিক্ত ভাড়া আদায় করেন। একই অজুহাত দেখান অটোরিকশার চালকেরাও। তা ছাড়া বৃষ্টির সময় সড়কের বেশ কিছু অংশ কাদাপানিতে ভরে থাকে। আর যানবাহনের চাকা সেসব গর্তে পড়লে কাদাপানি ছিটকে পড়ে জামাকাপড় নষ্ট হয়ে যায়।
রিকশাচালক হুমায়ুন কবির (৩২) বলেন, ওই সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রায় সময়ই রিকশা ক্ষতিগ্রস্ত হয়। তাই যাত্রীদের কাছ থেকে ভাড়া একটু বেশি নেওয়া হয়।
পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, কলেজ সড়কটি সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ। সড়কের শুরুতে (সদরের দেওয়ান হাট এলাকা থেকে) ১০০ মিটার অংশ পৌরসভার কার্যক্রম শুরু হওয়ার আগে আরসিসি ঢালাই দ্বারা সংস্কারকাজ করা হয়েছে। কলেজ ছাত্রাবাস সেতু থেকে গোয়াজরপাড়া পর্যন্ত প্রায় ২ দশমিক ২ কিলোমিটার অংশ গত অর্থবছরে আরসিসি ঢালাই দ্বারা সংস্কারকাজ করা হয়। কিন্তু মাঝখানে ৮০০ মিটার অংশ সংস্কার করা হয়নি।
এলাকার কাউন্সিলর সাইফুল আলম বলেন, সড়কটির প্রায় পুরো অংশ সংস্কার করা হয়েছে। মাঝখানে সামান্য অংশ বাকি আছে। ওই অংশটি সংস্কার করার জন্য মেয়র সাহেবকে অবহিত করা হয়েছে।
পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের বলেন, সড়কটির সংস্কারের জন্য এলজিইডিতে (স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ) আবেদন করা হয়েছে। বরাদ্দ অনুমোদন করা হলে দরপত্র আহ্বান করা হবে এবং আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কারকাজ শুরু করা হবে।