সাতকানিয়া-বাঁশখালী সড়কে দুই কিলোমিটারের দুর্ভোগ
সাতকানিয়া-বাঁশখালী সড়কের দুই কিলোমিটার এলাকা যান চলাচলের অযোগ্য হয়ে পড়লেও গত সাত বছর ধরে সংস্কার হয়নি। সড়কের চুন্নু মাস্টারের বিদ্যালয় থেকে কামারভাঙ্গা পর্যন্ত অংশের কার্পেটিং উঠে গেছে প্রায় পাঁচ বছর আগে। বর্ষায় বৃষ্টির কারণে সড়কে গর্ত ও খানাখন্দের সংখ্যা বেড়ে যায়। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ইট-বালু দিয়ে গর্ত ঢেকে দিলেও স্থায়ী সংস্কার হয়নি। ভাঙা সড়কে চলাচল করতে গিয়ে দুর্ভোগ পোহাচ্ছেন সাধারণ লোকজন। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, সড়কের দুই কিলোমিটার অংশের কার্পেটিং উঠে গেছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় গর্তের।
সড়কের কামারভাঙ্গা এলাকার বাসিন্দা নান্টু কুমার ধর (৪২) বলেন, সড়কের যা অবস্থা তাতে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয় পরিবহন শ্রমিক নেতা মো. সিরাজুল ইসলাম বলেন, দীর্ঘ চার-পাঁচ বছর সড়কের কোনো সংস্কার হয়নি, যা হয়েছে তাও আবার লোক দেখানো। সাতকানিয়া পৌরসভার প্যানেল মেয়র নওয়াব মিয়া বলেন, স ও জ বিভাগের এ সড়কটি দিয়ে প্রতিদিন ছোট-বড় ৫০০-৬০০ গাড়ি চলাচল করে। অথচ দীর্ঘ সময় ধরে সড়কটির প্রায় দুই কিলোমিটার অংশ সংস্কারবিহীন পড়ে আছে।
সড়ক পুরোপুরি সংস্কার না হওয়ার কথা স্বীকার করেন স ও জ বিভাগের দোহাজারী কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মো. আবদুল হান্নান। তিনি বলেন, সড়কটি সংস্কার করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছিল। তারা লোকসানের অজুহাত দেখিয়ে সড়কের কাজটি শেষ করেনি। ওই সড়কে আপাতত কোনো বরাদ্দ নেই। বরাদ্দ পাওয়া গেলে নতুন করে কাজ শুরু হবে।