সাতকানিয়ার বুড়াইছড়ি খালে বাঁধ নির্মাণের দাবি
সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের বুড়াইছড়ি খালে বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকার বাসিন্দারা। ১৩ নভেম্বর উপজেলার কাঞ্চনা ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় এ দাবি জানানো হয়।
কাঞ্চনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি শেখ মোহাম্মদ মহিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এরশাদুর রহমান। উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল চট্টগ্রাম জেলার কো-অর্ডিনেটর সদরুল আমিন, দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ আরিফ, স্থানীয় ইউনিয়ন সদস্য মোহাম্মদ ইছহাক, স্থানীয় বাসিন্দা এস এম গিয়াস উদ্দিন, আবদুল খালেক প্রমুখ।
বক্তারা বলেন, বুড়াইছড়ি খালে বাঁধ নির্মাণের দাবি দীর্ঘদিনের। বাঁধ নির্মাণের জন্য সরকারের বিভিন্ন দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি।
বক্তারা আরও বলেন, প্রতিবছর বর্ষা মৌসুমে বুড়াইছড়ি খালের দুই পাড়ের ভাঙন তীব্র আকার ধারণ করে। খালপাড়ের পার্শ্ববর্তী কসাইপাড়া ও জাফর চৌধুরীপাড়ার অনেক পরিবারের বসতঘর ইতিমধ্যে খালের গর্ভে বিলীন হয়ে গেছে।