সাতকানিয়ার সাড়ে তিন হাজার নতুন ভোটার পরিচয়পত্র পাননি
ভোটার তালিকা হালনাগাদ হওয়ার প্রায় ১৫ মাস পরও জাতীয় পরিচয়পত্র পাননি সাতকানিয়া উপজেলার তিন হাজার ৪৩০ জন নতুন ভোটার। পরিচয়পত্রের জন্য উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে ধর্ণা দিলেও আশ্বাসের বাণী শুনে ফিরতে হচ্ছে তাঁদের। এতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন তাঁরা।
তবে উপজেলা নির্বাচন কর্মকর্তাদের মতে, সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম ভোটার তালিকাভুক্ত হওয়ায় আসন্ন নির্বাচনে ভোট দিতে তাঁদের সমস্যা হবে না।
সূত্র জানায়, ২০১৩ সালের জানুয়ারি মাসে উপজেলায় ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হয়। শেষ হয় নভেম্বর মাসে। হালনাগাদের পর উপজেলায় নতুন ভোটার বেড়েছে ২৩ হাজার ৮৩৫ জন। এর মধ্যে পরিচয়পত্র পেয়েছেন ২০ হাজার ৪০৫ জন ভোটার। তিন হাজার ৪৩০ জন নতুন ভোটার এখনো তাঁদের পরিচয়পত্র পাননি। তাঁদের মধ্যে মাদার্শা, নলুয়া ও পশ্চিম ডেমশা ইউনিয়নের কোনো নতুন ভোটারই পরিচয়পত্র পাননি। অথচ এসব এলাকায় ভোটার হালনাগাদ করা হয়েছে গত বছর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে।
কর্মকর্তারা জানান, স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ের কর্মকর্তারা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় নতুন পরিচয়পত্রগুলো ভোটারদের হাতে পৌঁছানো সম্ভব হচ্ছে না। তবে কমিশন কার্যালয়ে সরাসরি যোগাযোগ করে নতুন ভোটারেরা তাঁদের পরিচয়পত্র নিয়ে যেতে পারছেন।
বর্তমানে এ উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৭৯৩ জন। এর মধ্যে পূরুষ ভোটার এক লাখ ২৭ হাজার আট জন ও মহিলা ভোটার এক লাখ ১৯ হাজার ৭৮৫ জন। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি উপজেলা নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে দেখা যায়, বেশ কয়েকজন নতুন ভোটার তাঁদের পরিচয়পত্রের খোঁজে এসেছেন। তাঁদের মধ্যে পরিচয়পত্র পাওয়া ভোটারদের মুখে হাসি দেখা গেলেও কেউ কেউ ‘কিছুদিনের মধ্যে পাওয়া যাবে’—এমন আশ্বাসের বাণী শুনে ফিরছেন হতাশ হয়ে।
পরিচয়পত্র হাতে পাওয়া কাঞ্চনা ইউনিয়নের নন্দীপাড়া এলাকার সুজন কুমার নন্দী বলেন, ‘নতুন ভোটার হয়েছি অনেক দিন আগে। এখন পরিচয়পত্র হাতে পেয়ে খুব ভালো লাগছে।’
অন্যদিকে, ক্ষোভের সঙ্গে হতাশার কথা জানান পৌরসভার সতীপাড়া এলাকার বাসিন্দা নুরুল আবছার। তিনি বলেন, ‘প্রবাসে থাকার কারণে নির্দিষ্ট সময়ে ভোটার হতে পারিনি। গত বছর প্রথম দিকে এসে ভোটার হওয়ার জন্য ছবি তুলে ফরম পূরণ করেছি। কিন্তু এখন এসে শুনছি, পরিচয়পত্র এখনো আসেনি। উপজেলা পরিষদ নির্বাচনের আগে পাব কি না, তা-ও নিশ্চিত হতে পারছি না।’
জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলম প্রথম আলোকে জানান, ২০১৩ সালের জানুয়ারি মাসের শেষের দিক থেকে ৫ নভেম্বর পর্যন্ত ভোটার তালিকা হালনাগাদের কাজ চলে। ওই সময় ২৩ হাজার ৮৩৫ জন ভোটারের ছবি ও তথ্য সংগ্রহ করে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছিল। কয়েক দিন আগে ২০ হাজার ৪০৫ জন ভোটারের পরিচয়পত্র এখানে এসেছে। তবে এখানকার কর্মকর্তা-কর্মচারীরা আসন্ন উপজেলা নির্বাচনের প্রস্তুতি নিয়ে ব্যস্ত থাকায় তা সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছানো যাচ্ছে না। তবে পরিচয়পত্র না থাকলেও তালিকাভুক্ত হওয়ায় এবার ভোট দিতে তাঁদের সমস্যা হবে না।