সাতকানিয়ায় অবরোধের বলি দেড় শ গাছ
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের দুই দফায় ডাকা অবরোধের বলি হলো সাতকানিয়া উপজেলার বিভিন্ন সড়কের অন্তত দেড় শ গাছ। এসব গাছের দাম তিন লাখ টাকার বেশি হবে বলে ধারণা করা হচ্ছে।
সড়ক অবরোধের জন্য গাছ কাটার সঙ্গে বিএনপির নেতা-কর্মীরা সরাসরি যুক্ত না থাকলেও জোটের শরিক জামায়াত-শিবিরের কর্মীরা গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন বলে জানা গেছে।
গত ২৬ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর পর্যন্ত দুই দফা অবরোধের সময় বিভিন্ন সড়কের পাশের প্রায় দেড় শ গাছ কাটা হলেও এ ব্যাপারে মাথাব্যথা নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কতটি গাছ কাটা হয়েছে তারও কোনো হিসাব নেই। সড়ক প্রতিবন্ধকতায় ব্যবহূত কিছু গাছ পুলিশ জব্দ করে থানায় নিয়ে গেলেও বাকি গাছগুলো সুযোগসন্ধানী কিছু ব্যক্তি গোপনে বিক্রি করে দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সড়ক ও জনপথ (সওজ) বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নিজ নিজ উদ্যোগে বিভিন্ন সময় নিজেদের আওতাধীন সড়কের দুই পাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করে। এসব গাছ বর্তমানে অসৎ রাজনৈতিক কর্মকাণ্ডের হাতিয়ারে পরিণত হয়েছে। অবরোধ-হরতালের সময় সাধারণ করাত কিংবা বৈদ্যুতিক করাত দিয়ে এসব গাছ নিষ্ঠুরভাবে কেটে ফেলছে জামায়াত-শিবির কর্মীরা।
সরেজমিনে দেখা গেছে, কেরানীহাট-বান্দরবান সড়কের দুই নম্বর সেতু, মনতলা, হলুদিয়া, সাতকানিয়া-বাঁশখালী সড়কের বোর্ড অফিস, রহমতেরবেগ টেক, দেওদীঘি, শান্তির টেক, জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, পাক্কার দোকান, চূড়ামনি, কাঞ্চনা-চরতি সড়কের আল হেলাল কলেজ, তালগাঁও এবং দরবার শরিফ-সেনেরহাট সড়কের মির্জাখীল থেকে সেনেরহাট পর্যন্ত এলাকায় ছোট-বড় অন্তত দেড় শ গাছ কাটা হয়েছে। এসব গাছের মধ্যে রয়েছে একাশিয়া, আকাশমনি, শিশু, মেনজিয়াম, হাইব্রিড মেনজিয়াম, মেহগনি ও নিমজাতীয় গাছ।
স্থানীয় লোকজন জানান, এলাকার কিছু লোক প্রতিবন্ধকতা সরানোর নামে গাছগুলো বিক্রি করে দিচ্ছেন। কেরানীহাটের ব্যবসায়ী মো. আবদুল বাতেন প্রথম আলোকে বলেন, গত ২৭ নভেম্ব্বর কেরানীহাট-বান্দরবান সড়কের মনতলা নামক এলাকায় অবরোধকারীরা একটি বিশাল গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। দিনদুপুরে স্থানীয় কিছু লোক পুলিশের উপস্থিতিতে সেটি কেটে নিয়ে গেছে।
জানতে চাইলে চূড়ামনি ফরেস্ট বিট কার্যালয়ের কর্মকর্তা দেবাশীষ কুণ্ডু বলেন, ‘সড়কের পাশে কোন প্রজাতির কতটি গাছ কাটা গেছে সেটি দেখার দায়িত্ব আমাদের না, সড়ক বিভাগের। ঊর্ধ্বতন প্রশাসন আমাদের কোনো দায়িত্ব দিলে সেটি আমরা পালন করে থাকি।’
এ বিষয়ে জানার জন্য সওজের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. নিয়ামত উল্লাহ বলেন, গাছের মালিক সড়ক ও জনপথ বিভাগ। সড়কের পাশের গাছ কাটা নিয়ে ইতিমধ্যে কেউ মামলা করেননি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, ‘সাম্প্রতিক সময়ে সড়কের পাশে কত গাছ কাটা গেছে সে হিসাব এখনো পাইনি। সড়ক ও জনপথ বিভাগ এবং স্থানীয় চেয়ারম্যানরা বিষয়টি জানাবেন ও মামলা করবে।’