সাতকানিয়ায় আমনের চাষ কমছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ চট্টগ্রামে পুরোদমে শুরু হয়েছে আমনের মৌসুম। সাতকানিয়া উপজেলায়ও বীজতলা থেকে চারা তোলা, জমি তৈরি ও চারা রোপণের কাজ চলছে। তবে এবার উপজেলায় আমন চাষ কমেছে।

 উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলায় ১১ হাজার ৭৭০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৫১৮ মেট্রিক টন। গত বছর রোপা আমনের লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ৯০০ হেক্টর জমি। চাল উৎপাদন হয় ৩৪ হাজার ৯১১ মেট্রিক টন। চলতি বছর গত বছরের চেয়ে ১৩০ হেক্টর কম জমি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

কৃষক ও কৃষি কার্যালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ইটভাটার কারণে ফসলি জমি কমে যাওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা, মৌসুমের শুরুতে বৃষ্টি কম হওয়া, হাতির ভয় ও উৎপাদন খরচ বাড়ার কারণে উপজেলায় আমন চাষ কমতে শুরু করেছে। গত বছর পরপর তিন দফা বন্যায় আমনের বীজতলা ও খেত নষ্ট হওয়ায় বেশ কিছু কৃষক এ বছর চাষ করছেন না।

কৃষি কার্যালয় সূত্র জানায়, জ্যৈষ্ঠ মাসের শেষে ও আষাঢ় মাসজুড়ে আমনের বীজতলা তৈরি করা হয়। এরপর শ্রাবণ ও ভাদ্র মাসে চলে চারা রোপণ। ইতিমধ্যে উপজেলায় ৩ হাজার ১০০ হেক্টর জমিতে আমন চারা রোপণ করা হয়েছে।

উপজেলার জনার কেঁওচিয়া গ্রামের কৃষক মোহাম্মদ ইউছুফ (৫০) জানান, ১০ বছর আগেও আমন মৌসুমে ২০ কানির বেশি জমিতে চাষ করতেন। এ বছর পাঁচ কানির মতো জমিতে আমন চাষ করবেন।

 তিনি বলেন, প্রতিবছর আমন চাষ কমছে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় অনেক কৃষক আমন চাষ ছেড়ে দিয়েছেন। গত দুই বছর আমনের চাষ করে উৎপাদন খরচ তোলা সম্ভব হয়নি। পূর্ব ছদাহার সিন্ধুপ্পাপাড়া গ্রামের কৃষক বদিউল আলম (৪৬) বলেন, বন্য হাতির ভয়ে গত তিন বছর আমনসহ অন্যান্য চাষ বন্ধ রয়েছে। তা ছাড়া ধান চাষে খরচ বেড়ে যাওয়ায় অনেক কৃষক ধানের পরিবর্তে সবজি চাষ শুরু করেছেন।

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, বিভিন্ন কারণে উপজেলায় আমন চাষ কমতে শুরু করেছে। বিশেষ করে ইটভাটায় মাটি নিয়ে যাওয়ার কারণে জমিগুলো ডোবায় পরিণত হচ্ছে। ওই ডোবায় আমন চাষ করা সম্ভব হচ্ছে না। তা ছাড়া গত কয়েক বছর আমনের উৎপাদন খরচের চেয়ে ধানের বাজার মূল্য তুলনামূলক কম থাকায় কৃষকেরা চাষে কম আগ্রহ দেখাচ্ছেন।