সাতকানিয়ায় ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়া উপজেলার চরতি ও বাঁশখালী উপজেলার পুকুরিয়া ইউনিয়নের মধ্যবর্তী জনবসতিপূর্ণ এলাকার ফসলি জমিতে ইটভাটা স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। গত ৩০ নভেম্বর বিকেলে সাতকানিয়া উপজেলার চরতি ইউনিয়নের তুলাতুলী বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
চরতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোস্তাকিম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পি কে ধর, আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি কাজী নুর মোহাম্মদ, চরতি ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রুহুল্লাহ চৌধুরী, চরতি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবদুল খালেক সিকদার, স্থানীয় আওয়ামী লীগ নেতা জাবেদ উদ্দিন চৌধুরী, ছাত্রলীগের নেতা সাইফুদ্দিন, মো. তারেকুল আজিজ প্রমুখ।
বক্তারা বলেন, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ হলেও স্থানীয় কিছু লোক চরতি ও পুকুরিয়া ইউনিয়নের মধ্যবর্তী স্থানে ইটভাটা স্থাপন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ওই এলাকার আশপাশে একটি ডিগ্রি কলেজ, একটি মাধ্যমিক বিদ্যালয়, একটি ফাজিল মাদ্রাসা, একটি প্রাথমিক বিদ্যালয়সহ দুটি হাটবাজার রয়েছে। ইটভাটাটি স্থাপন করা হলে শিক্ষার্থীদের নানা ধরনের সমস্যাসহ পরিবেশের মারাত্মক ক্ষতি হবে।