সাতকানিয়ায় উৎকণ্ঠায় প্রার্থী ও ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত ৫ জানুয়ারির সংসদ নির্বাচনের সময় সাতকানিয়ার বেশির ভাগ কেন্দ্রে সহিংসতার ঘটনা ঘটে। আগের দিন পুড়িয়ে দেওয়া হয় কয়েকটি ভোটকেন্দ্র। আজকের উপজেলা নির্বাচন নিয়েও শঙ্কায় রয়েছেন ভোটার ও প্রার্থীরা। প্রশাসনও ১১১টি ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। এ ছাড়া জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে টাকা ছড়ানোর অভিযোগ করছেন অন্য প্রার্থী ও তাঁদের সমর্থকেরা।
জানা যায়, জামায়াত-শিবির অধ্যুষিত ইউনিয়নের ভোটকেন্দ্রগুলোতেই সহিংসতার আশঙ্কা করছেন স্থানীয় লোকজন। ইউনিয়নগুলো হলো ছদাহা, কেঁওচিয়া, এওচিয়া, কালিয়াইশ, নলুয়া, মাদার্শা, সোনাকানিয়া, সাতকানিয়া, চরতি, ঢেমশা ও পশ্চিম ঢেমশা।
স্থানীয় লোকজনের অভিযোগ, উপজেলার বেশ কয়েকটি গ্রামে অপরিচিত লোকজনের আনাগোনা বেড়ে গেছে। তাঁরা টাকা বিলি করে গরিব ও সাধারণ ভোটারের কাছে ভোট চাইছেন। তা ছাড়া রাজনৈতিক সহিংসতার মামলায় অভিযুক্ত আসামিরাও নির্বাচনকে সামনে রেখে এলাকায় ফিরতে শুরু করেছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, নির্বাচনে চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত নুরুল আবছার চৌধুরী (কাপ-পিরিচ), বিএনপির শেখ মোহাম্মদ মহিউদ্দিন (আনারস), জামায়াতের মো. জসিম উদ্দিন (মোটরসাইকেল) ও স্বতন্ত্র আবদুর রকিব চৌধুরী (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত তাপস কান্তি দত্ত (তালা), আওয়ামী লীগের বিদ্রোহী রিদুয়ানুল হক (বই), বিএনপির বশির উদ্দিন আহমদ (মাইক), এলডিপির মো. জসিম উদ্দিন (চশমা) ও জামায়াতের মো. ইব্রাহিম চৌধুরী (টিউবওয়েল)। নারী ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন আওয়ামী লীগ-সমর্থিত জন্নত আরা (প্রজাপতি), বিএনপির জান্নাতুন নাঈম (পদ্মফুল) ও জামায়াতের দুরদানা ইয়াসমিন (কলস)।
সোনাকানিয়া ইউনিয়নের ভোটার জিয়াবুল হক (৩৬) বলেন, ‘গত সংসদ নির্বাচনে গন্ডগোলের কারণে ভোট দিতে যায়নি আমরা। এবারও আগে দেখব। যদি গন্ডগোল হয় তাহলে ভোট দিতে যাব কি না তা ভেবে দেখতে হবে।’
সাতকানিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, ‘পাশের উপজেলা লোহাগাড়ায় নির্বাচন আগে হয়ে যাওয়ায় সেখানের জামায়াত-শিবির ক্যাডাররা সাতকানিয়ায় এসে ভোটকেন্দ্রে সহিংসতা সৃষ্টি করতে পারেন। এ ছাড়া তাঁরা দলীয়ভাবে ভোট কেনার জন্য টাকা বিলি করছেন।’ আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী নুরুল আবছার চৌধুরী বলেন, জামায়াত-শিবিরের লোকজন গরিব ও সাধারণ ভোটারদের কিনতে প্রচুর টাকা খরচ করছেন। তা ছাড়া তাঁরা ভোটকেন্দ্রের আশপাশে অবস্থান নিয়ে কেন্দ্র দখলের চেষ্টা আছেন।
সাতকানিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রদীপ কুমার চৌধুরী জানান, সংসদ নির্বাচনের পর উপজেলার কয়েকটি সংখ্যালঘু পরিবারের বসতঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। এ কারণে তাঁরা এ উপজেলা নির্বাচনে নিয়েও আতঙ্কিত।
চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মোহাম্মদ ইসহাক তাঁদের দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় আমাদের দলের প্রার্থীরদের জনপ্রিয়তা দেখে অন্য প্রার্থীরা এসব কথা বলছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজলা নির্বাহী কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বলেন, উপজেলার ১১১টি ভোটকেন্দ্রের মধ্যে সবগুলোই ঝুঁকিপূর্ণ। সেই হিসেবে ভোটকেন্দ্র ও ভোটারের নিরাপত্তা নিশ্চিত করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার থাকবে। ভোটকেন্দ্র ও ভোটারদের নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জানা যায়, এখানে মোট ভোটারসংখ্যা দুই লাখ ৪৬ হাজার ৭৮৩। এর মধ্যে পুরুষ এক লাখ ২৭ হাজার আট ও নারী এক লাখ ১৯ হাজার ৭৮৫ জন।