সাতকানিয়ায় করলা খেতে মাছির আক্রমণ
সাতকানিয়া উপজেলার চার ইউনিয়নে করলাখেতে মাছি আক্রমণ করেছে। এসব এলাকায় খেতের করলা পচে যাওয়ার পাশাপাশি গাছের পাতাও বিবর্ণ হয়ে পড়েছে। উপজেলার প্রায় ১৫ হেক্টর করলাখেতে মাছির উপদ্রব দেখা দিয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বাজালিয়া ইউনিয়নের করলাখেতগুলো।
সাতকানিয়া উপজেলা কৃষি কার্যালয় সূত্র জানায়, চলতি গ্রীষ্ম মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় ১৫০ হেক্টর জমিতে করলার চাষ করা হয়েছে। প্রতিটি করলাখেতে আশানুরূপ ফলন হয়েছে। তবে বেশ কিছু করলা খেতে মাছি (সবজি মাছি পোকা নামে পরিচিত) আক্রমণ করেছে। মাছির আক্রমণে উপজেলার বিভিন্ন এলাকার অন্তত ১৫ হেক্টর জমির করলাখেত নষ্ট হয়ে গেছে।
সরেজমিনে উপজেলার বাজালিয়া, ছদাহা, এওচিয়া ও চরতি ইউনিয়নের বিভিন্ন গ্রামের সবজিখেতে গিয়ে দেখা গেছে, কিছু কিছু করলা খেতে করলার রং বিবর্ণ হয়ে পড়েছে। ওই সব খেতের করলা গাছের পাতাও বিবর্ণ হয়ে যাচ্ছে। বিবর্ণ হওয়া বেশির ভাগ করলা নষ্ট হয়ে পচে যাচ্ছে। বাজালিয়া ইউনিয়নের সত্যপীরের দরগা এলাকার একটি করলাখেত মাছির আক্রমণে পুরোপুরি নষ্ট হয়ে গেছে।
এওচিয়া এলাকার কৃষক মো. মঈনুদ্দিন (৫২) বলেন, ‘চলতি গ্রীষ্ম মৌসুমে প্রায় দেড় কানি জমিতে করলার চাষ করেছি। এপ্রিলের শেষের দিকে ১০ হাজার টাকার করলা বিক্রি করার পর হঠাৎ খেতে মাছি পোকা আক্রমণ করে বসে। দুই এক দিনের মধ্যে পুরো করলাখেত মাছি পোকার আক্রমণের শিকারে পরিণত হয়। পরে কীটনাশক ছিটিয়েও তেমন কাজ হয়নি।’
সাতকানিয়া উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, উপজেলার কয়েকটি এলাকার ১৫ হেক্টর জমির করলাখেতে মাছি আক্রমণ করেছে। ওই সব আক্রান্ত খেত চিহ্নিত করে কৃষকদের বিভিন্নভাবে পরামর্শ ও সহায়তা দেওয়া হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, স্বাভাবিকভাবে করলাখেতে মাছি পোকার আক্রমণ দেখা দিতে পারে। ফেরমোন ফাঁদ বসিয়ে মাছি পোকার আক্রমণ থেকে সবজি বা করলাখেত রক্ষা করা যায়। তা ছাড়া আক্রান্ত সবজি বা করলাটি ছিঁড়ে ফেললে অন্য করলা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
শোয়েব মাহমুদ বলেন, মাছি দমনের জন্য কৃষি সম্প্রসারণ বিভাগ কৃষকদের বিনা মূল্যে ফেরমোন ফাঁদ সরবরাহ করছে। এ ব্যাপারে কৃষকদের সচেতন করতে কৃষি বিভাগের কর্মীরা ঘরে ঘরে যাচ্ছেন।