সাতকানিয়ায় গভীর রাত পর্যন্ত বিকিকিনি

প্রথম রোজা থেকেই ঈদের বিকিকিনি শুরু হয়েছে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায়। কখনো সকালে আবার কখনো দুপুরে বৃষ্টির ধকল সহ্য করেও বিপণিকেন্দ্রে ক্রেতারা ছুটছেন পছন্দের পোশাক কিনতে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে বিকিকিনি।
২২ ও ২৩ জুন সাতকানিয়া সদরের প্রধান সড়ক, চিকন গলি, মকবুল সিরাজী শপিং কমপ্লেক্স, পিএস শপিং, কেরানীহাটের নিউমার্কেট, হক টাওয়ার, বাজালিয়ার বাসস্ট্যান্ড, নিউমার্কেট, বোমাংহাট, ফুলতলা বাজারের হাজি মাজেদ শপিং সেন্টার, মির্জাখীল বাংলাবাজারের বিভিন্ন দোকান ঘুরে দেখা গেছে, প্রতিটি দোকানে ক্রেতাদের ভিড়। দোকান সাজানো হয়েছে নিত্যনতুন তৈরি পোশাক, পাদুকা ও প্রসাধনসামগ্রী দিয়ে।
বিক্রেতারা জানান, নারীদের আগ্রহ সুতি, সিল্ক, কাতান ও জামদানি শাড়িতে। তরুণীরা দেশি, পাকিস্তানি ও ভারতীয় থ্রি–পিসই কিনছে। পাশাপাশি লেহেঙ্গাও চলছে। ছোটদের জন্য রয়েছে রং-বেরঙের ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, শার্ট-প্যান্ট ও নজরকাড়া পাঞ্জাবি। আর তরুণদের পছন্দ বরাবরই পাঞ্জাবি।
উপজেলার কাঞ্চনা ইউনিয়নের মধ্যম কাঞ্চনা থেকে সাতকানিয়া সদরে সপরিবারে কেনাকাটা করতে আসেন প্রবাসী আবুল কাসেম (৫৬)। তিনি বলেন, ‘স্ত্রী ও ছেলেমেয়েদের জন্য দুবাই থেকে ঈদের পোশাক কিনে এনেছি, কিন্তু তাঁদের পছন্দ হয়নি। তাই পরিবারের সদস্যদের পছন্দসই পোশাক কিনতে এসেছি।’
কেরানীহাটের নিউমার্কেটে পাঞ্জাবির দোকানে কথা হয় বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেনের সঙ্গে। তিনি বলেন, ‘পোশাক পছন্দ হচ্ছে কিন্তু দাম গত বছরের তুলনায় অনেক বেশি। তাই দরদাম করে পাঞ্জাবি ও জিনস কেনার চেষ্টা করছি।’
সাতকানিয়া সদরের শাড়ি ও থ্রি–পিসের দোকানি মোরশেদ আলম জানান, ক্রেতার চাহিদামতো কাপড় মজুত থাকায় এবার প্রথম রোজা থেকেই বিক্রি ভালো। তবে মাঝেমধ্যে বৃষ্টির কারণে ক্রেতাদের একটু ভোগান্তি হচ্ছে।
কেরানীহাট নিউমার্কেটের দোকানি মোস্তাক আহমদ বলেন, এ বছর দেশি ও ভারতীয় শাড়ির প্রচুর চাহিদা রয়েছে। বুটিকসের থ্রি–পিসও ভালোই চলছে।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন দোকানে মানভেদে কাতান ও জামদানি শাড়ি ১ হাজার থেকে ১৫ হাজার টাকা। সুতির শাড়ি ৪০০ থেকে ৩ হাজার টাকা, থ্রি–পিস ৮০০ থেকে ১৫ হাজার ৫০০ টাকা, লেহেঙ্গা ৩ হাজার থেকে ১৫ হাজার টাকা, শার্ট ও টি-শার্ট পাওয়া যাচ্ছে ৪০০ থেকে ২ হাজার টাকা, পাঞ্জাবি ৮০০ থেকে ৫ হাজার টাকা এবং জিনস প্যান্ট ১ হাজার থেকে ৩ হাজার টাকায় বিক্রি হচ্ছে।