
রোজা শুরুর এক সপ্তাহ আগে থেকে বিকিকিনি শুরু হয়েছিল। সাত রোজার দিকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চার দিন তেমন ক্রেতা ছিল না চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিপণিবিতানগুলোতে। তবে বৃষ্টি কমে আসার সঙ্গে সঙ্গে আবারও জমজমাট হয়ে উঠেছে এখানকার ঈদবাজার। বেচাকেনা চলছে সকাল থেকে গভীর রাত পর্যন্ত।
সাতকানিয়া সদরের প্রধান সড়ক, চিকন গলি, মকবুল সিরাজী শপিং কমপ্লেক্স, কেরানীহাটের নিউমার্কেট, হক টাওয়ার, ফুলতলা বাজারের হাজি মাজেদ শপিং সেন্টার ও মির্জাখীল বাংলা বাজারের বিভিন্ন দোকানে ঈদ উপলক্ষে বাহারি তৈরি পোশাক, শাড়ি, সালোয়ার-কামিজ, থান কাপড়, পাঞ্জাবি ও জুতা-স্যান্ডেল আনা হয়েছে বিক্রির জন্য। পাশাপাশি বিভিন্ন দোকানে শোভা পাচ্ছে দেশি-বিদেশি ব্র্যান্ডের কসমেটিক সামগ্রী ও গয়না।
শাড়ির দোকানগুলোতে বিভিন্ন ডিজাইনের কাতান, জামদানি, জর্জেট ও ভারতীয় শাড়ি বিক্রি হচ্ছে। ছোটদের জন্য রয়েছে রং-বেরঙের ফ্রক, স্কার্ট, লেহেঙ্গা, শার্ট-প্যান্ট ও পাঞ্জাবি। উপজেলার বেশ কয়েকটি বিপণিবিতানে রয়েছে ছেলেদের পোশাকের দোকান। এসব দোকানে বিক্রি হচ্ছে শার্ট, টি-শার্ট, জিনস প্যান্ট ও হাতের কাজ করা পাঞ্জাবি।
বিক্রয়কর্মীরা জানান, তরুণীদের পোশাকের মধ্যে বেশি বিক্রি হচ্ছে ‘পাখি’ ও ‘কিরণমালা’ ফ্রক এবং থ্রিপিস। তা ছাড়া থান কাপড়ের চাহিদাও প্রচুর। সুতি ও কাতানের থান কাপড়ের ওপর বিভিন্ন নকশা ও এমব্রয়ডারি করা থান কাপড়ও বিক্রি হচ্ছে ভালো।
সাতকানিয়া সদরের মকবুল সিরাজী শপিং কমপ্লেক্সে কথা হয় কয়েকজন তরুণী ক্রেতার সঙ্গে। তাঁরা জানান, এবারের ঈদের জন্য সালোয়ার-কামিজই কিনবেন তাঁরা। তবে দোকানিরা দাম হাঁকছেন অনেক বেশি।
কেরানীহাটের নিউমার্কেটে কেনাকাটা করতে আসা মরফলা এলাকার সৌদিপ্রবাসী আবু সুফিয়ানের স্ত্রী নাছিমা আক্তার (৪২) বলেন, ‘রোজা শুরুর দুই দিন আগেই নিজের ও বাড়ির বয়স্কদের জন্য শাড়ি-লুঙ্গি কিনে নিয়েছি। এখন ছেলেমেয়েদের নিয়ে তাদের পছন্দের শার্ট ও থ্রিপিস কিনতে এসেছি। কয়েক দোকান ঘুরে পছন্দের পোশাক কিনে বাড়ি ফিরে যাব।’
সাতকানিয়া সদরে পাঞ্জাবি ও জিনস কিনতে আসা তরুণ ক্রেতা মোহাইমিনুল ইসলাম (২২) বলেন, ‘প্রায় দোকানেই পছন্দের পোশাক রয়েছে। কিন্তু দাম গত বছরের তুলনায় বেশি। তাই দেখেশুনে, যাচাই করে পোশাক কিনব।’
সাতকানিয়া সদরের নকশি মেলা নামের শাড়ি-থান কাপড় ও থ্রিপিস দোকানের স্বত্বাধিকারী মো. তাজুল ইসলাম জানান, ক্রেতার চাহিদামতো কাপড় মজুত থাকায় এবার রোজার এক সপ্তাহ আগে থেকেই বেচাবিক্রি শুরু হয়েছে। তবে বন্যার কারণে কয়েক দিন বেচাবিক্রি হয়নি। তবে বৃষ্টি বন্ধের সঙ্গে সঙ্গেই আবারও ঈদ বাজার জমে উঠেছে।
কেরানীহাট নিউমার্কেটের দোকানি মো. দেলোয়ার হোসেন বলেন, এবারের ঈদবাজারে গভীর রাত পর্যন্ত ক্রেতারা স্বাচ্ছন্দ্যে ও নির্বিঘ্নে পছন্দের পণ্য কেনাকাটা করছেন। বেচাবিক্রিও হচ্ছে প্রচুর।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার বলেন, ঈদের বাজারে ক্রেতা–বিক্রেতারা যাতে নিরাপদে কেনাবেচা করতে পারেন সে জন্য সড়ক যানজটমুক্ত রাখার পাশাপাশি নিরাপত্তার বিষয়ে বিপণিবিতানগুলোর আশপাশে সার্বক্ষণিক পুলিশের টহল দল নিয়োগ করা হয়েছে।
দোকানিদের সঙ্গে কথা বলে জানা যায়, বিভিন্ন দোকানে মানভেদে কাতান ও জামদানি শাড়ি ১ হাজার ২০০ থেকে ১২ হাজার টাকা, সুতি শাড়ি ৪০০ থেকে তিন হাজার টাকা, থ্রিপিস ৮০০ থেকে ১৫ হাজার ৫০০ টাকা, শার্ট ও টি-শার্ট ৬০০ থেকে দুই হাজার টাকা, পাঞ্জাবি ৫০০ থেকে তিন হাজার টাকা, জিনস প্যান্ট ৬০০ থেকে দুই হাজার টাকায় বিক্রি হচ্ছে।