সাতকানিয়া উপজেলায় এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো হওয়ায় চাষির ঘরে এখন উৎসবের আমেজ। মাঠে মাঠে চলছে ধান কাটার ধুম। চাষি ও মৌসুমি ধান কাটার শ্রমিকদের ব্যস্ততায় মুখরিত চারপাশ।
চাষি ও কৃষি বিভাগের কর্মকর্তারা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন হাইব্রিড ও উফশী জাতের আমনের চারা রোপণ করা হয়েছিল। তা ছাড়া কিছু কিছু এলাকায় স্থানীয় জাতের আমনের চাষও হয়েছে। সব ধরনের জাতেরই এ বছর ফলন আশানুরূপ ভালো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, কাঞ্চনা ও খাগরিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ধান কাটায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকেরা। চাষির ঘরের উঠোনে চলছে মাড়াইয়ের কাজ। অনেকে খেতের পাশেই ধান মাড়াইয়ের কাজ সারছেন।
কাঞ্চনা ইউনিয়নের মথুরাডেঙ্গা এলাকার চাষি আহামদ কবির (৫৮) বলেন, ‘এ বছর আড়াই একর জমিতে আমন ধানের চাষ করেছি। ধানের ফলন খুবই ভালো হয়েছে। ইতিমধ্যে আধা একর জমির ধান কাটা শেষ হয়েছে। খেতের বাকি ধানগুলো কাটতে কয়েক দিন সময় লাগবে।’
খাগরিয়া ইউনিয়নের চরখাগরিয়া গ্রামের চাষি ফিরোজুল ইসলাম (৫০) বলেন, ‘গত বছর ধানের দাম কম থাকায় এই মৌসুমে আমনের আবাদ কম করেছি। তবে এবার ধানের বাজারমূল্য বেশি। তা ছাড়া ফলনও ভালো হয়েছে। অবস্থা দেখে আমনের আবাদ কেন কম করলাম, তা নিয়ে আক্ষেপ হচ্ছে।’
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে জানা যায়, সাতকানিয়া উপজেলায় এ বছর আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১১ হাজার ৭৭০ হেক্টর জমি। তবে চাষ হয়েছে ১১ হাজার ৮০০ হেক্টর। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩১ হাজার ৫১৮ মেট্রিক টন। তবে গত বছরের চেয়ে এবার আমনের আবাদ সামান্য কম হয়েছে। গত বছর ১২ হাজার হেক্টর জমিতে আমনের চাষ হয়েছিল।
উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, গত বছরের তিন দফা বন্যা ও ধানের বাজারমূল্য না পাওয়ায় অনেক চাষি আমন আবাদে আগ্রহ হারিয়েছেন। তাই গত বছরের তুলনায় এ বছর সাতকানিয়া উপজেলায় আমনের আবাদ কম হয়েছে। তবে এ বছর ফলন ও ধানের বাজারমূল্য দেখে অনেক চাষিকে আফসোস করতে শোনা গেছে।
উপজেলা কৃষি কর্মকর্তা মো. শোয়েব মাহমুদ বলেন, চলতি বছর আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে আমন চাষ বেশি হয়েছে। কৃষকেরাও ভালো ফলন পাচ্ছেন। ইতিমধ্যে উপজেলার বেশ কিছু এলাকায় ধান কাটা ও মাড়াইয়ের কাজ চলছে। আশা করি আগামী ২০-২৫ দিনের মধ্যে আমন কাটা শেষ হবে।