সাতকানিয়ায় জেএসসিতে জিপিএ-৫ বেড়েছে
সাতকানিয়া উপজেলার মাধ্যমিক বিদ্যালয়গুলোতে গত বছরের তুলনায় ২০১৬ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ৬ হাজার ৩৪৯ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৬৫০ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন।
২০১৫ সালে ৬ হাজার ২১০ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৫ হাজার ২৯৬ জন উত্তীর্ণ হয়েছিল। ওই বছর জিপিএ-৫ পেয়েছিল ১৪২ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আজিম শরীফ জানান, সাতকানিয়া উপজেলার ৪১টি মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে ৫টিতে এবারের জেএসসি পরীক্ষায় শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। বিদ্যালয়গুলো হলো বাইতুল ইজ্জত রাইফেল পাবলিক স্কুল, গাটিয়াডেঙ্গা আলহাজ সফিয়া মমতাজুল হক উচ্চবিদ্যালয়, গারাঙ্গিয়া উচ্চবিদ্যালয়, মরফলা আর এম এন উচ্চবিদ্যালয় ও পশ্চিম ঢেমশা উচ্চবিদ্যালয়।
আজিম শরীফ বলেন, উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে বাইতুল ইজ্জত রাইফেল পাবলিক স্কুলের শিক্ষার্থীরা। ওই স্কুল থেকে ২৪ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
বাইতুল ইজ্জত রাইফেল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ মামুন হাছান বলেন, ‘গত বছরও আমাদের বিদ্যালয় উপজেলার মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছিল। এ বছরও বিদ্যালয় পরিচালনা কমিটির তদারকি, শিক্ষকদের আন্তরিকতা ও প্রচেষ্টায় বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীরা ভালো ফল লাভ করেছে।’
গত ২৯ ডিসেম্বর জেএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।