বিমে ফাটল। খসে পড়ছে ছাদের পলেস্তারা। পিলারের পলেস্তারা সরে হাঁ হয়ে আছে ভেতরের রড। ঝুঁকিপূর্ণ এই ভবনে চলছে বিদ্যালয়ের কার্যক্রম। এটি সাতকানিয়া উপজেলার রামপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র। উপজেলা প্রশাসনের করা ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের তালিকায় এটিকে ‘অধিক ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।শুধু রামপুরা নয়, উপজেলায় ৩১টি ঝুঁকিপূর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলছে পাঠদান। ঢাকার সাভারে ভবনধসের পর উপজেলা প্রশাসন ঝুঁকিপূর্ণ বিদ্যালয় ভবনের এ তালিকা তৈরি করে।সম্প্রতি সরেজমিনে ঝুঁকিপূর্ণ কয়েকটি বিদ্যালয় ঘুরে দেখা গেছে, এসব বিদ্যালয়ে এখনো চলছে পাঠদান। দক্ষিণ ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, পুরোনো ভবনটির বিম, দেয়াল ও পিলারেও ফাটল দেখা দিয়েছে। বিভিন্ন অংশে খসে পড়েছে পলেস্তারা। এ বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৩৩২ জন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালেদা আকতার বলেন, এই বিদ্যালয় ভবন সংস্কার করলেও টেকসই হবে না। বর্তমান ভবনটি ভেঙে নতুন করে নির্মাণ করতে হবে।একই অবস্থা সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও। এখানে শিক্ষকদের অফিসকক্ষে ছাদের পলেস্তারা প্রায় খসে পড়েছে। শ্রেণীকক্ষেও বিভিন্ন অংশে ফাটল রয়েছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও প্রাথমিক শিক্ষক সমিতির সাতকানিয়া উপজেলা শাখার সভাপতি এস এম ইউসুফ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ঝুঁকিপূর্ণ ভবনের বিষয়ে আবেদন করলে তিনি পাঠদানে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু শ্রেণীকক্ষের অভাবে ঝুঁকিপূর্ণ কক্ষেই পাঠদান করতে হচ্ছে। এদিকে আরেক ঝুঁকিপূর্ণ কাটগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে ৫৭০ জন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল ঘোষ জানান, ১৯৯৪-৯৫ অর্থবছরে নির্মিত বিদ্যালয় ভবনটি বর্তমানে খুব নাজুক অবস্থায় রয়েছে। ছাদের বিম ফেটে গেছে। বৃষ্টি হলেই সব শ্রেণীকক্ষের দেয়ালের ফাটল দিয়ে পানি চুইয়ে পড়ে। জরুরি ভিত্তিতে মেরামত কিংবা নতুন ভবন নির্মাণের উদ্যোগ না নিলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তিনি উপজেলা প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি অবহিত করেছেন বলে জানান।বিদ্যালয় ভবনের ফাটল নিয়ে উদ্বিগ্ন অভিভাবকেরাও। অভিভাবক নুরুল আলম বলেন, ‘বিদ্যালয়ে ছেলেমেয়েদের পাঠিয়ে চিন্তায় থাকি। ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান বন্ধ করে ভবনগুলো জরুরি ভিত্তিতে মেরামত করার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি।’এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাখাল চন্দ্র পাল জানান, ঝুঁকিপূর্ণ ৩১টি ভবনের তালিকা প্রস্তুত করে উপজেলা প্রকৌশল বিভাগে পাঠানো হয়েছে। এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ রয়েছে ২২টি ভবন। উপজেলা প্রকৌশল অধিদপ্তর সরেজমিনে তদন্ত করে ব্যবস্থা নেবে।উপজেলা প্রকৌশলী মোহাম্মদ তাসাউর বলেন, ‘ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয়ের তালিকা আমাদের হাতে এসে পৌঁছেছে। আগামী এক সপ্তাহের মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনগুলো পরিদর্শন করে নতুন করে আরেকটি তালিকা তৈরি করা হবে। সেই তালিকা ইউএনওর মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ে পাঠানো হবে। এরপর যে নির্দেশনা আসবে, সেভাবে আমরা কাজ করব।’ ইউএনও মো. শরীফুল ইসলাম বলেন, ‘ঝুঁকিপূর্ণ প্রাথমিক বিদ্যালয় ভবনের তালিকা পেয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে।’