সাতকানিয়া উপজেলায় ৪৯ ইটভাটার মধ্যে ২৭টিই অবৈধ। এর মধ্যে মৌলবির দোকান থেকে কেরানীহাট পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশের ফসলি জমিতে গড়ে উঠেছে ২০টি। দুই কিলোমিটার এলাকায় গড়ে ওঠা এসব ভাটার মধ্যে ছয়টি স্থাপন করা হয়েছে পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি।শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো জাফর আহমদ চৌধুরী ডিগ্রি কলেজ, রসুলাবাদ সিনিয়র মাদ্রাসা, সৈয়দ মক্কী (রা.) কিন্ডারগার্টেন, রসুলবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উত্তর সাতকানিয়া আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয়। বাকি ভাটা স্থাপিত হয়েছে সংরক্ষিত বনের গা ঘেঁষে। স্থানীয় বাসিন্দারা জানান, এসব ইটভাটার কালো ধোঁয়ার কারণে এলাকার আকাশ প্রায় সময় ধোঁয়াটে দেখা যায়। কাঠ পোড়া ঝাঁঝালো গন্ধে আশপাশের লোকজন অস্বস্তিতে থাকেন। সার্বিকভাবে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়েছে।জাফর আহমদ চৌধুরী কলেজের অধ্যাপক জালাল উদ্দিন ও আলী আহমদ প্রাণহরি উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ইলিয়াছ বাবুল বলেন, ‘ইটভাটাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি হওয়ায় মৌসুমে ইট পোড়ানোর ঝাঁঝালো গন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে বসা কষ্টকর হয়ে পড়ে।’ প্রশাসনের নজরদারি না থাকায় আইন অমান্য করে ফসলি জমিতে ইটভাটা স্থাপন সম্ভব হচ্ছে বলে তাঁরা মন্তব্য করেন। জানা যায়, ওই দুই কিলোমিটারে মোস্তাফিজুর রহমান, এরফানুর রহমান, মো. শাহ্জাহান, সিরাজুল ইসলাম, ফরিদুল আলম, লাল মিয়া, আবদুল মান্নান, আবু তাহের, মাহমুদুল হক ও মো. সরফরাজের একটি করে এবং বাবর আলী, আবুল কাশেম, অন্য এক ফরিদুল আলম ও নেজাম উদ্দিনের দুটি করে ইটভাটা রয়েছে। এ ছাড়া মহাসড়কের পাশে আরও তিনটি অনুমোদনবিহীন নতুন ইটভাটা স্থাপনের কাজ চলছে।পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ১৯৯২ সালে ভূমি মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপন ও ২০০১ সালের (সংশোধিত) ইট পোড়ানো নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আবাদি জমিতে ইটভাটা স্থাপনে নিষেধাজ্ঞা রয়েছে।সূত্রমতে, বেশির ভাগ ইটভাটার মালিক অনুমতির আবেদন জমা দিয়েই প্রশাসনকে হাত করে ইটভাটা স্থাপন ও উৎপাদন শুরু করে দিয়েছেন। সাতকানিয়া ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক ফরিদুল আলম জানান, সাতকানিয়া ইটভাটা সমিতির সদস্যভুক্ত মালিকদের ভাটা রয়েছে ২৮টি। এর মধ্যে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ভাটাও রয়েছে বলে তিনি স্বীকার করেন। তবে এর সংখ্যা তিনি জানাননি। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় সব ইটভাঠায় মাটি সরবরাহ করা হয় ফসলি জমির ওপরের অংশ কেটে। স্থানীয় বাসিন্দা ট্রাকচালক আবুল হোসেন জানান, ইটভাটায় মাটি সরবরাহ করার জন্য কিছু মাটি ব্যবসায়ী নয়াখালের বেড়িবাঁধ কেটে মাটি নিয়ে যাচ্ছেন। সরেজমিনে গিয়ে দেখা গেছে, এসএমবি ও আরবিএল নামে দুটি ভাটার মালিক মো. সরফরাজ ও বাবর আলী নিজেদের ভাটার জন্য দিনমজুর দিয়ে মাটি কাটাচ্ছেন। মো. সরফরাজ বেড়িবাঁধ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শ্রমিকেরা জমি থেকে মাটি কাটছে আমার ভাটার জন্য, বেড়িবাঁধ কাটা হচ্ছে না।’ পরিবেশ অধিদপ্তরের সাতকানিয়ায় দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক হারুন-অর-রশিদ বলেন, ‘উপজেলায় তালিকাভুক্ত ইটভাটা রয়েছে ৪৭টি। এর মধ্যে মাত্র ২০টির পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র রয়েছে। বাকি ২৭টি চলছে স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে।’ জানা যায়, এসব ভাটায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে সংরক্ষিত বনের কাঠ। এতে উজাড় হচ্ছে বন।এ ব্যাপারে মাদার্শা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা এনামুল হক ও চট্টগ্রাম (দক্ষিণ) বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাকসুদুল আলম জানান, ইতিমধ্যে বেশ কয়েকটি ইটভাটার বিরুদ্ধে কাঠ পোড়ানো, নির্ধারিত উচ্চতার চিমনি না থাকা ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকার কারণে জরিমানাসহ মামলা দেওয়া হয়েছে। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন পারভেজ বলেন, ‘১৭টি ইটভাটায় পরিবেশ ও বন বিভাগের সঙ্গে যৌথ অভিযান চালিয়েছি। বাকিগুলোতে পর্যায়ক্রমে অভিযান চালিয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’