সাতকানিয়ায় দুর্লভ ফল ও ঔষধি গাছের নার্সারি
সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারায় সামাজিক বনায়নের অংশ হিসেবে দুর্লভ প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের নার্সারি গড়ে তুলেছে বন বিভাগ। পাহাড়ি এলাকায় গড়ে ওঠা এই নার্সারিতে ১৪ ধরনের এক লাখ ১০ হাজার বীজ বপন করা হয়। বর্তমানে বীজগুলো থেকে চারা গজিয়েছে।
পদুয়া রেঞ্জের বড়দুয়ারা বিট কার্যালয় সূত্রে জানা যায়, ক্লাইমেট রিজিলিয়েন্ট পার্টিসিপেটরি অ্যাফরেস্ট্রেশন অ্যান্ড রিফরেস্ট্রেশন প্রকল্পের (সিআরপিএআরপি) অংশ হিসেবে সংরক্ষিত বনভূমিতে বিলুপ্ত প্রজাতির গাছের বাগান সৃজনের উদ্যোগ নেয় বন বিভাগ। চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আওতাধীন সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা বিট এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
জানা যায়, নার্সারিতে উত্তোলন করা দুর্লভ প্রজাতির চারাগুলো বড়দুয়ারা বিটের আওতাধীন পুরানগড়, বড়দুয়ারা ও মাহালিয়া এলাকায় তিনটি ব্লকে ভাগ করে পর্যায়ক্রমে ছয় হাজার ১৪৬ একর বনভূমিতে রোপণ করা হবে।
স্থানীয় জনগণ বাগানের অংশীদার হিসেবে উপকারভোগী হবেন।
সম্প্রতি পুরানগড় এলাকার নার্সারিতে গিয়ে দেখা গেছে, পলিথিনে মোড়া মাটির বীজপাত্রে রোপণ করা বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে।
দৈনিক মজুরিভিত্তিক পুরুষ ও মহিলা শ্রমিকেরা চারাগুলোর পরিচর্যা করছেন। তাঁদের নির্দেশনা দিচ্ছেন বিট কর্মকর্তা মো. সোলতানুল আলম চৌধুরী। তিনি জানান, নার্সারিতে বিলুপ্ত প্রজাতির চিকরাশি, চাকুয়া কড়ই, অর্জুন, কদম, তুন, আমলকী, বহেড়া, গামার, আকাশমনি, হরিতকী, জলপাই, শিমুলসহ নানা প্রজাতির গাছের চারা উত্তোলন করা হয়েছে। তিনি আরও বলেন, বন বিভাগ এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় প্রান্তিক জনগণকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে এবং বিলুপ্ত প্রজাতির গাছের সংখ্যা বাড়াতে এই উদ্যোগ নিয়েছে।
এ ব্যাপারে জানার জন্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা বিপুল কৃষ্ণ দাশের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, দেশের পটুয়াখালী থেকে কক্সবাজার পর্যন্ত এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এটি বাস্তবায়িত হলে দরিদ্র জনগণ স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে।