চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নির্বাচন কমিশনের উদ্যোগে গত ৩০ নভেম্বর স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভার ভোটার তালিকা হালনাগাদ করার বিষয়ে আলোচনা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সাতকানিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শেখ ফরিদ। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসিফ ইমতিয়াজ, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম ও মোজাম্মেল হক।
সভায় বক্তারা বলেন, ‘মিয়ানমারের সংখ্যালঘু রোহিঙ্গারা সে দেশে নানাভাবে নির্যাতনের শিকার হয়ে এ দেশে অবৈধভাবে অনুপ্রবেশ করছে। তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সহমর্মিতা থাকবে। তবে জনপ্রতিনিধিসহ আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, যাতে রোহিঙ্গারা কোনো অবস্থাতেই ভোটার তালিকায় নাম নিবন্ধন করতে না পারে।’ –সাতকানিয়া প্রতিনিধি