সাতকানিয়া উপজেলার পশ্চিম সীমানায় ছনখোলা গ্রাম। ওই গ্রামের পাশ ঘেঁষেই বাঁশখালীর লটমনি এলাকা। ছনখোলা ও লটমনি এলাকায় পাশাপাশি গড়ে তোলা হয়েছে পাঁচটি ইটভাটা। ওই ইটভাটাগুলোতে সমানে পোড়ানো হচ্ছে ইট। অথচ এসব ইটভাটা ঘেঁষেই রয়েছে টিলা ও পাহাড়।
শুধু ছনখোলা ও লটমনি এলাকা নয়। সাতকানিয়ার চূড়ামণিতেও পাহাড়ের পাশ ঘেঁষে সাতটি ইটভাটা দীর্ঘদিন ধরে ইট প্রস্তুত করে যাচ্ছে। ওই ইটভাটাগুলোতে অবাধে পোড়ানো হচ্ছে পাশের বনের কাঠ, কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে টিলা ও পাহাড়ের মাটি।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ অনুযায়ী, কোনো পাহাড় বা টিলার উপরিভাগে বা ঢালে বা তৎসংলগ্ন সমতলের অন্তত আধা কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা নিষিদ্ধ। তা ছাড়া সরকারি বনাঞ্চলের সীমারেখা থেকে দুই কিলোমিটারের মধ্যেও ইটভাটা স্থাপন নিষিদ্ধ। অথচ ছনখোলা, চূড়ামণি ও লটমনি এলাকায় টিলা-পাহাড় ঘেঁষে ও বনাঞ্চলের আধা কিলোমিটারের মধ্যে এসব ইটভাটা নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ২০ বছর আগে চূড়ামণি এলাকায় প্রথম ইটভাটা নির্মাণ করা হয়। এরপর বছর পাঁচেকের মধ্যে ইটভাটার সংখ্যা বাড়তে থাকে। গত চার বছরের মধ্যে নির্মাণ করা হয় আরও চারটি ইটভাটা। এখন দাঁড়িয়েছে ১২টিতে। এসব ভাটা গড়ে ওঠায় এলাকায় বনাঞ্চলের ক্ষতির পাশাপাশি ফসলি জমিতে উৎপাদন কমে গেছে। অন্যদিকে ইটভাটাগুলোর কারণে স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে আশপাশের গ্রামের মানুষ।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ছনখোলা-লটমনি এলাকার পাহাড়ের পাশ ঘেঁষে গড়ে ওঠা এমবিএফ, এনবিএম, বাদশা, এসবিএম ও বিবিএম নামের পাঁচটি ইটভাটাতেই ইট পোড়ানো হচ্ছে। ভাটাগুলোতে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে পাশের টিলা ও পাহাড়ের মাটি। লটমনি এলাকার একটি পাহাড়ের প্রায় অর্ধেক মাটি ইতিমধ্যে কেটে ফেলা হয়েছে। ছনখোলা এলাকার বেশ কয়েকটি টিলার মাটি উধাও হয়ে গেছে। কেবল মাটি কাটার চিহ্নগুলোই টিলার অস্তিত্ব প্রকাশ করছে। চূড়ামণি এলাকায় গিয়ে দেখা যায়, এসএমবি ইটভাটার পাশে স্তূপ করে রাখা হয়েছে কাঠ। ওই ভাটায় কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হচ্ছে।
চূড়ামণি এলাকাটি বন বিভাগের মাদার্শা রেঞ্জের অধীনে। ইটভাটায় কাঠ পোড়ানো প্রসঙ্গে জানতে চাইলে মাদার্শা রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা মাহবুব আলম বলেন, ইটভাটাগুলোতে অভিযান চালিয়ে বেশ কিছু কাঠ জব্দ করা হয়েছে। শিগগির আবার অভিযান চালানো হবে।
এওচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক চৌধুরী বলেন, আমার ইউনিয়নের ছনখোলা ও চূড়ামণি এলাকায় গড়ে ওঠা ইটভাটাগুলোতে অবাধে পাহাড়ের মাটি ও বনের কাঠ ব্যবহার করা হচ্ছে।
তা ছাড়া ভাটাগুলোর কারণে পাশের গ্রামের ফসলি জমি ও মানুষেরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হচ্ছে।
জানতে চাইলে এমবিএফ ইটভাটার মালিক কাজল দাশ বলেন, পাহাড়ের পাশে নিজের জমিতেই ইটভাটা নির্মাণ করেছি। পরিবেশ অধিদপ্তরের কাছে আবেদন করেও অনুমতি পাওয়া যায়নি। তারপরও বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন সংস্থা এসে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে। তিনি পাহাড় কেটে মাটি ইটভাটায় ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, ওই পাহাড়গুলো তো ব্যক্তিমালিকানাধীন।
এ ছাড়া বক্তব্য জানতে এনবিএম, বাদশা, এসবিএম ও বিবিএম ইটভাটা মালিকের মুঠোফোনে যোগযোগ করা হলে তাঁরা ফোন ধরেননি।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ উল্যাহ বলেন, একটি ইটভাটারও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
উচ্চ আদালতে রিট আবেদন করে চালানো হচ্ছে। তারপরও কয়েকটি ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসন অন্য ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করবে।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের উপপরিচালক জমির উদ্দিন বলেন, সাতকানিয়ার ছনখোলা ও চূড়ামণিতে কোনো ইটভাটাকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেওয়া হয়নি। অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটাগুলোর অবস্থান চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।